• বিজেপি নেতার সঙ্গে নন্দীগ্রামে ঘোরার অভিযোগ, রাজ্যের CEO-কে অপসারণের দাবিতে কমিশনে তৃণমূল
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৬
  • রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের (CEO Manoj Kumar Agarwal) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission Of India) অভিযোগ দায়ের করল তৃণমূল (TMC)। মঙ্গলবার রাতে এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একটি চিঠি পাঠিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। চিঠিতে মনোজের বিরুদ্ধে ‘বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে নন্দীগ্রামের হিন্দু এলাকায় ঘোরার’ অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে পক্ষপাতিত্বের অভিযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়েছে চিঠিতে।

    গত ৫ এপ্রিল নির্বাচনী কাজ খতিয়ে দেখতে নন্দীগ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কিন্তু সেখানে গিয়ে তিনি বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন বলে অভিযোগ তৃণমূলের। চিঠিতে ডেরেক লিখেছেন, ‘নন্দীগ্রামের হিন্দু এলাকাগুলি ঘুরে দেখেন মনোজ আগরওয়াল। তাঁর সঙ্গে ছিলেন কালীচরণপুর অঞ্চল কমিটির বিজেপি আহ্বায়ক তপন কুমার মহাপাত্র। তিনিই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে গোটা এলাকা ঘুরিয়ে দেখান। বাড়ি বাড়ি নিয়ে যান।’

    চিঠির সঙ্গে একটি ছবিও (সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) জুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। তাতে দেখা যাচ্ছে, কয়েক জনের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তাঁর পিছনে দাঁড়িয়ে এক ব্যক্তি। তাঁকে লাল কালিতে চিহ্নিত করে দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ, ওই ব্যক্তিই বিজেপি নেতা তপন কুমার মহাপাত্র।

    নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে বলে আগেও একাধিকবার অভিযোগ করেছে তৃণমূল। বিজেপি নেতার সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের ছবি সেই অভিযোগেই সিলমোহর দিল দাবি করে ডেরেক লিখেছেন, ‘মনোজ এই সফরে গিয়ে পক্ষপাতমূলক আচরণ করেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যে বিজেপির হয়ে কাজ করছেন সেটা স্পষ্ট। তিনি আসলে ভোটকে প্রাভাবিত করার চেষ্টা করছেন।’

    এই প্রেক্ষিতেই মনোজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার দাবি জানিয়েছে তৃণমূল। ডেরেক লিখেছেন, ‘অবিলম্বে ঘটনার তদন্ত করতে হবে।’ পাশাপাশি শোকজ় নোটিস পাঠানোর দাবিও জানানো হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে মনোজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে সরিয়ে দেওয়ার মতো কঠোর পদক্ষেপের দাবিও তোলা হয়েছে চিঠিতে।

  • Link to this news (এই সময়)