• আজ কমিশনে যাবে তৃণমূলের প্রতিনিধি দল, তালিকায় কেন নেই ২৭ লক্ষ ভোটার?
    বর্তমান | ০৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: খসড়া তালিকায় নাম থাকার পরেও কেন বাংলার ২৭ লক্ষ নাগরিক এবার ভোট দিতে পারবে না? এই প্রশ্ন তুলে মঙ্গলবার দিল্লিতে সরব হল তৃণমূল। বিষয়টি নিয়ে হেস্তনেস্ত করতে আজ বুধবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি হচ্ছে তৃণমূলের চার সদস্যের প্রতিনিধিদল। থাকবেন ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, মানেকা গুরুস্বামী এবং সাকেত গোখলে। নির্বাচন কমিশনকে ‘চিটিংবাজ, বিজেপির চামচা’ বলে এদিন তোপ দাগেন ডেরেক। আজ কমিশনের মুখোমুখি হয়ে এ ব্যাপারে ক্ষোভ উগরে দেবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তাঁরা।

    খসড়া তালিকায় নাম থাকার পরেও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন নাগরিকের নাম বিবেচনাধীনের তালিকায় ফেলেছিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশমতো বিচারকদের বিচারে ৫৫ শতাংশের নাম এবারের ভোটার তালিকায় উঠে গিয়েছে। কিন্তু বাদ পড়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩। এখন সুপ্রিম কোর্টের নির্দেশমতো ট্রাইবুনালে তাদের নিষ্পত্তি হবে। কিন্তু নিষ্পত্তি হলেও তাদের সিংহভাগই এবার ভোট দিতে পারবে কি না, তা অনিশ্চিত। কারণ, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনই ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে যায়। তারপর আর নতুন করে কোনো নাম যুক্ত বা বাতিল হয় না। 

    আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন যথাক্রমে ৬ এবং ৯ এপ্রিল। ফলে সিংহভাগ বাতিল ভোটার এবার ভোট দিতে পারবেন না বলেই মত ওয়াকিবহাল মহলের। এমনকি, বিশিষ্ট চিত্রকর নন্দলাল বসুর নাতিও এবার ভোট দিতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে প্রশ্ন। আগামী ১৩ এপ্রিল তাঁর সমস্যার সমাধান করতে ট্রাইবুনালকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কিন্তু ততদিনে তাঁর এলাকা বীরভূমের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন পেরিয়ে যাবে। তাহলে? জ্ঞানেশ কুমারের মুখোমুখি হয়ে এই প্রশ্নেরই উত্তর চাইবে তৃণমূল। 
  • Link to this news (বর্তমান)