• অর্থের বিনিময়ে প্রার্থীপদের অভিযোগ তুলে বিজেপি ছেড়ে শিবসেনার প্রার্থী
    বর্তমান | ০৮ এপ্রিল ২০২৬
  • সৌম্য দে সরকার, মালদহ: অর্থের বিনিময়ে প্রার্থী বেছে নেওয়ার অভিযোগ তুলে বিজেপি ছেড়ে শিবসেনার প্রার্থী হলেন দু’জন। মালদহের মোথাবাড়ি কেন্দ্রে শুভঙ্কর রায় ওরফে সুমন এবং হরিশ্চন্দ্রপুর কেন্দ্রে ভূদেব দাস বিজেপি ছেড়ে শিবসেনায় যোগ দিয়েই প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন দলের মালদহ জেলা সভাপতি উত্তম নন্দী। তিনিও এক সময় বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন।

    সোমবার মোথাবাড়ি এবং হরিশ্চন্দ্রপুর আসনের শিবসেনা প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন শুভঙ্কর এবং ভূদেব। রাজনৈতিক মহলের অনুমান, শিবসেনা এই দুই কেন্দ্রে ভোট কাটলে বিজেপিরই ক্ষতি। তবে, সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব।

    উত্তম বলেন, শুভঙ্কর এবং ভূদেব দীর্ঘদিন হিন্দুদের স্বার্থরক্ষায় কাজ করছেন। তাঁরা বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু বিজেপির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অর্থের লেনদেন হয়েছে বলে তাঁদের অভিযোগ। তাই তাঁরা আমাদের দলে এসেছেন। শুভঙ্কর দীর্ঘদিন হিন্দু সুরক্ষা বাহিনীর জেলা সভাপতিও ছিলেন। আমরা তাঁকে মোথাবাড়ি কেন্দ্রে প্রার্থী করেছি। শুভঙ্করের অভিযোগ, দলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে মোটা টাকা দিতে হয়েছে বলে শুনেছি। তারই প্রতিবাদ করে বিজেপি ছেড়ে শিবসেনায় যোগ দিয়ে প্রার্থী হয়েছি।

    ভূদেবের দাবি, টাকার জোর না থাকলে, বিজেপির জেলা নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের সন্তুষ্ট করতে না পারলে মনোনয়ন পাওয়া যাবে না। তাই ভোটে লড়াইয়ের প্ল্যাটফর্ম হিসাবে শিবসেনাকে বেছে নিয়েছি।

    মালদহ দক্ষিণ জেলা বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ভিত্তিহীন কুত্‌সার জবাব দেওয়ার সময় নেই। বিজেপির প্রার্থী কোনো ব্যক্তি চূড়ান্ত করেন না। ধাপে ধাপে কেন্দ্রীয় এবং সর্বোচ্চ নেতৃত্ব অনেক মাপকাঠি বিবেচনা করে প্রার্থী বেছে নেয়। দলত্যাগীরা কোথায় কী অবান্তর কথা বলল, তা নিয়ে বিজেপির নেতৃত্ব এবং কর্মী-সমর্থকদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই। মালদহে শিবসেনার ক’জন আছে! 
  • Link to this news (বর্তমান)