ডবল ইঞ্জিন কুমারগ্রামে কী উন্নয়ন করেছে বিজেপি? জবাব চাইলেন অভিষেক
বর্তমান | ০৮ এপ্রিল ২০২৬
বাবুল সরকার, কুমারগ্রাম: কুমারগ্রামের বিদায়ী বিধায়ক বিজেপির। আলিপুরদুয়ারের সাংসদও বিজেপির। ‘ডবল ইঞ্জিন’ থাকলেও কুমারগ্রামে উন্নয়নে কোনো কাজই করেনি বিজেপি সরকার। মঙ্গলবার এভাবেই গেরুয়া শিবিরকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজ না করার মোক্ষম জবাব দিতে বিজেপিকে ধূলিস্যাৎ করার ডাক দিলেন তিনি। তাঁর আর্জি, এবারের ভোটে কুমারগ্রামে তৃণমূলকে কাজ করার সুযোগ দিন।
কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রাজীব তিরকির সমর্থনে মঙ্গলবার বারোবিশার প্রস্তাবিত কলেজ মাঠে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিড়ে ঠাসা ময়দানে সভামঞ্চ থেকে একেরপর এক প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ শানান তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বিজেপি ডবল ইঞ্জিন সরকারের কথা বলে। অথচ কুমারগ্রামের মানুষ, আলিপুরদুয়ারের মানুষ বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে ডবল ইঞ্জিন তৈরি করেছিল। কিন্তু এই এলাকার কোনো উন্নয়ন করেনি বিজেপি।
কামাখ্যাগুড়িতে রেলের আরওবি প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, আমাদের রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বাইকের উদ্যোগে কামাখ্যাগুড়িতে আরওবির কাজের সূচনা হয়েছে। প্রকাশচিক রাজ্যসভায় আরওবি তৈরির দাবি তুলে ধরছিলেন। তিনি রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ফলস্বরূপ ৭৭ কোটিতে আরওবি তৈরি হচ্ছে এখানে।
কুমারগ্রামের একাধিক উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে মানুষের মনজয় করেন ডায়মন্ডহারবারের সাংসদ।
এদিনের জনসভা থেকে তিনি তৃণমূল প্রার্থী রাজীব তিরকিকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়ে ভোটারদের কাছে আহ্বান করেন, ভ্রাতৃপ্রতিম, স্বচ্ছ মুখ, যুবনেতা রাজীবকে আপনারা জয়ী করুন। কথা দিচ্ছি কুমারগ্রামের ব্যাপক উন্নয়ন হবে।