মুতাহার কামাল, চোপড়া: প্রার্থী ঘোষণা হয়েছে, জমা পড়েছে মনোনয়নও। কিন্তু ভোটের ময়দানে কোথায় বিজেপি? উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা কেন্দ্রে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ঘাসফুল শিবিরের দাপুটে প্রচারের বিপরীতে পদ্ম শিবিরের এই নিস্পৃহ মনোভাব দেখে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। তবে কি লড়াইয়ের আগেই হার স্বীকার করে নিলেন বিজেপি প্রার্থী শংকর অধিকারী? চোপড়া বিধানসভা কেন্দ্রের সমীকরণ বলছে, এখানকার ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতটিই সংখ্যালঘু অধ্যুষিত।
তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক হামিদুল রহমান ইতিমধ্যেই নিজের এলাকা কয়েক দফা চষে ফেলেছেন। মিছিল, কর্মিসভা, হাট সভা থেকে শুরু করে বাড়ি বাড়ি জনসংযোগ— কোনোটিতেই খামতি রাখছেন না তিনি। অথচ তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী শংকর অধিকারীর দেখা মিলছে না বললেই চলে। সংখ্যালঘু প্রধান এলাকাগুলিতে এখনও পর্যন্ত পা রাখেননি বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীর এই অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না স্থানীয় বাসিন্দারা। এলাকার একাংশের বক্তব্য, ওই সাতটি গ্রাম পঞ্চায়েতের মানুষের কাছে বিজেপি প্রার্থী এখন ডুমুরের ফুল। তিনি শুধুমাত্র নিজের খাসতালুক হিসেবে পরিচিত গুটিকয়েক এলাকায় প্রচার সীমাবদ্ধ রেখেছেন। সাধারণ মানুষের বক্রোক্তি, ভোটের আগেই কি রণে ভঙ্গ দিলেন শংকরবাবু?
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, হার নিশ্চিত জেনে নির্বাচনী ময়দান থেকে গুটিয়ে নিয়েছেন বিজেপি প্রার্থী। তৃণমূলের ব্লক যুব সহ সভাপতি ফাতেবুল রহমান বলেন, বিজেপি জানে চোপড়ায় তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই। তাই বিজেপি প্রার্থী হাটে সভা বা বড় মিছিলের আয়োজন না করে স্রেফ দায়সারাভাবে সময় কাটাচ্ছেন তিনি। যদিও এই সমস্ত অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। দলের স্থানীয় নেতৃত্বের দাবি,তারা নির্দিষ্ট রণকৌশল মেনেই এগচ্ছে। বিজেপি শিবিরের পাল্টা বক্তব্য, আমাদের প্রচার চলছে। সময়মতো হাট সভা, বড় মিছিল সবই হবে। তৃণমূল অহেতুক ভয় পেয়ে এসব অপপ্রচার করছে।
তৃণমূল প্রার্থী বলেন, আমরা ফাঁকা মাঠে গোল দেব। আমরা ১০০ শতাংশ জয়লাভ করব। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম বর্মন বলেন, বুধবার থেকে সমস্ত এলাকায় প্রচারে যাব। বিজেপি প্রার্থী বলেন, ভোট গণনার দিন বোঝা যাবে কে গোল দিল। চোপড়ার রাজনৈতিক জমি আদতে কার দখলে থাকবে, তার ফয়সালা হবে ইভিএমে।
রাজনৈতিক মহল বলছে, ভোটের ঢাকে কাঠি পড়ার পর মাঠের লড়াইয়ে তৃণমূল যেভাবে অ্যাডভান্টেজ নিচ্ছে, তাতে ব্যাকফুটে থাকা বিজেপি প্রার্থীর নিষ্প্রভতা বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে। • কর্মিসভায় চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুল রহমান। - নিজস্ব চিত্র।