মহিলা পরিচালিত বুথেও ভোটের আগের রাতে ক্যামেরা বন্ধ নয়
বর্তমান | ০৮ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বুথে ক্যামেরা লাগানো নিয়ে এবার নির্বাচন কমিশন কড়া অবস্থান নিয়েছে। ভোটের দু’দিন আগে থেকে ক্যামেরা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ওই ক্যামেরা বন্ধ করা যাবে না বলে কমিশনের তরফে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। এমনকি, মহিলা পরিচালিত বুথগুলিতেও ভোটের আগের রাতে ক্যামেরা চালু রাখতে হবে। মহিলাদের জন্য বড়জোড় ক্যামেরার সামনে কাপড় জাতীয় কিছু আড়াল করা যেতে পারে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ভোটের দু’দিন আগে থেকে ক্যামেরা চালু করার পর আর বন্ধ করা যাবে না বলেই প্রাথমিকভাবে আমরা জেনেছি। তবে নির্বাচন কমিশনের তরফে আরও কিছু নির্দেশিকা আসতে পারে। মহিলা ভোটকর্মীদের সম্ভ্রমের কথা ভেবেই ক্যামেরা ঢেকে রাখার ব্যাপারে আলোচনা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ায় ৩২৮৯টি বুথ ছিল। ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলায় প্রায় ৩৫০ বুথ বাড়তে চলেছে। অতিরিক্ত বুথে অবশ্য মূল ভোটগ্রহণ কেন্দ্রের থেকে তুলনায় কম ভোটার থাকবে। ভোটের জন্য জেলায় প্রায় ১৫ হাজার ভোট কর্মী প্রয়োজন। এমনিতেই ভোটকর্মীর সংখ্যা কম রয়েছে। তার উপর ভোটের কাজে চুক্তির ভিত্তিক কর্মীদের লাগানো যাবে না। ফলে প্রশাসন বিভিন্ন সরকারি দপ্তর থেকে কর্মী নিচ্ছে। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও ভোটকর্মী হিসাবে কাজে লাগানো হচ্ছে। জেলায় কিছু বুথ সম্পূর্ণ মহিলা পরিচালিত হয়। সেখানে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার সকলেই মহিলা হন।
নির্বাচন দপ্তর সূত্রে খবর, ভোটের দু’দিন আগে থেকে বুথে ক্যামেরা চালু করা সংক্রান্ত প্রাথমিক নির্দেশ আসার পর থেকেই আধিকারিকরা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। কারণ ভোটের আগের দিন বিকালে কর্মীরা নিজ নিজ বুথে পৌঁছে যান। ভোটার তালিকা থেকে শুরু করে অন্যান্য কাগজপত্র তাঁদের পরীক্ষা করে দেখতে হয়। রাত পর্যন্ত তাঁরা ওই কাজ করেন। পরে ভোটগ্রহণ কেন্দ্রেই বিছানা পেতে তাঁরা ঘুমিয়ে পড়েন। মহিলা ভোটকর্মীদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এদিকে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কমিশন বুথের ভিতরে ও বাইরে ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছে। ওইসব ক্যামেরায় নিরবিচ্ছিন্ন ছবি উঠবে। সেইসব ভিডিও ফুটেজ সরাসরি যাতে আধিকারিকরা দেখতে পান, তারজন্য ইন্টারনেট যোগের ব্যবস্থাও করা হচ্ছে। তবে রানিবাঁধের সাতটি বুথে ইন্টারনেট পরিষেবা না থাকায় প্রশাসন কিছুটা সমস্যায় পড়েছে।
মহিলাদের বিশ্রাম নেওয়ার সময় যাতে কোনোভাবেই ছবি ক্যামেরায় না ওঠে সেজন্য কাপড় জাতীয় কিছু দিয়ে ঢেকে দেওয়ার ব্যাপারে প্রশাসন প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। যদিও এব্যাপারে নতুন নির্দেশিকা আসতে পারে বলে বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিকরা মনে করছেন। তখন বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে তাঁরা জানিয়েছেন।