• নতুন গ্যাস সংযোগ বন্ধ, ডবল সিলিন্ডার দিতেই নারাজ কেন্দ্র
    বর্তমান | ০৮ এপ্রিল ২০২৬
  • বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: বিগত তিন বছর ধরে এ রাজ্যে উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ রেখেছে নরেন্দ্র মোদির সরকার। দেশের সব রাজ্যকে সেই সংযোগ দেওয়া হলেও বাংলাকে বঞ্চনার সংস্কৃতি তারা এক্ষেত্রেও বজায় রেখেছে! এবার আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে রান্নার গ্যাসের নতুন সংযোগ দেওয়া বন্ধ করে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। যেসব গ্রাহকের একটি মাত্র সিলিন্ডার সংযোগ রয়েছে, তাঁরা দ্বিতীয় সিলিন্ডারের জন্য আবেদন করলেও তা মিলবে না। এই নির্দেশ ডিস্ট্রিবিউটরদের কাছে পাঠিয়েছে তেল সংস্থাগুলি। অন্যান্য নির্দেশিকার মতো এক্ষেত্রেও কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। হোয়াটসঅ্যাপ মেসেজে তাঁদের নির্দেশ পাঠানো হয়েছে। 

    তবে ডিস্ট্রিবিউটরদের একাংশের বক্তব্য, গত মাসের গোড়ায় যখন ইরান ও আমেরিকার যুদ্ধের কারণে রান্নার গ্যাসের সমস্যা তৈরি হয়, তারপর থেকে তাঁরা অনেকেই নিজে থেকেই নতুন সংযোগ দেওয়া বন্ধ রেখেছিলেন। কোনো কোনো পদাধিকারীর মৌখিক নির্দেশে সেই কাজ করতে হয়েছিল বলে জানিয়েছেন তাঁরা। অর্থাৎ, এই মুহূর্তে উজ্জ্বলার পাশাপাশি কোনোরকম গ্যাস সংযোগের আবেদন করলে সাড়া মিলবে না। উজ্জ্বলাতেও বাংলাকে বঞ্চনা নতুন নয়। গত লোকসভা ভোটের আগে এরাজ্যে প্রায় ১৪ লক্ষ উজ্জ্বলা যোজনার গ্যাসের জন্য আবেদন জমা পড়লেও নানা শর্ত আরোপ করে সাড়া দেয়নি কেন্দ্র। 

    এই অবস্থায় ডিস্ট্রিবিউটরদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে, নতুন করে কোনো গ্যাস সংযোগ দেওয়া  যাবে না। যাঁরা আবেদন করবেন, তাঁদের সেকথা স্পষ্ট করে জানিয়ে দিতে হবে। কবে তা পাওয়া যাবে,  সেই সম্পর্কেও কিছুই বলা হয়নি। ডিস্ট্রিবিউটরদের আশঙ্কা, আমেরিকা ও ইরানের যুদ্ধ পরিস্থিতি যে জায়গায় রয়েছে, তাতে পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার নয়। এমনকি, এলপিজির জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির বিকল্প পথও সময়সাপেক্ষ। তাছাড়া এলপিজির চাহিদা তা পুরোপুরি মেটাতেও পারবে না। এলপিজির জোগান স্বাভাবিক আছে বলে কেন্দ্রীয় সরকার বারবার দাবি করছে। কিন্তু বাস্তবের সঙ্গে এই দাবির যে বিস্তর ফারাক, তা এই অবস্থা থেকে স্পষ্ট বলে মনে করছে ডিস্ট্রিবিউটরদের একাংশ। মোট কথা, বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি গৃহস্থের সিলিন্ডার নিয়েও এই দোলাচল আপাতত চলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। 
  • Link to this news (বর্তমান)