বিচারাধীন ৩২ লক্ষ ভোটার কমিশনের চূড়ান্ত তালিকায়, ৬০ লক্ষের মধ্যে বাদ ২৭ লক্ষ মুর্শিদাবাদেই ৪ লক্ষ ৫৫ হাজার
বর্তমান | ০৮ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা প্রকাশ করল নির্বাচন কমিশন। কত ভোটার এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, সেই সংখ্যাও জানানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, রাজ্যে মোট ‘বিচারাধীন’ ভোটারের সংখ্যা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। কমিশন জানিয়েছে, তাঁদের মধ্যে বাদ পড়েছেন মোট ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ ভোটার। যোগ্য বলে বিবেচিত হওয়ার পর তালিকায় নাম উঠেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের। তাৎপর্যপূর্ণভাবে সংখ্যালঘু প্রভাবিত মুর্শিদাবাদেই সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে।
বিচারাধীন ভোটারদের বাদ যাওয়ার পরিসংখ্যান সামনে আসার পর দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম। এসআইআর শুরু হওয়ার আগে রাজ্যের ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। এসআইআর পরবর্তী খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম পর্বের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েন আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন। এবার বাদ গেল আরও ২৭ লক্ষ নাম। কমিশন অবশ্য জানিয়েছে, বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গেলেও সেগুলিতে ই-স্বাক্ষর করা হয়নি। ওই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া নামের তালিকায় আরও কিছু নাম যুক্ত হতে পারে। পাশাপাশি তালিকাতে আরও কিছু নাম সংযুক্তও হতে পারে।
কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিবেচনাধীন তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। ওই জেলায় বিবেচনাধীন ভোটারদের মধ্যে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম ‘ডিলিটেড’। ২৮ ফেব্রুয়ারির তালিকায় এই জেলা থেকে বাদ গিয়েছিল ২ লক্ষ ৯৩ হাজার ৮২২ জনের নাম। বিচারাধীনদের হিসাব প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে, ওই জেলা থেকে বাদের সংখ্যা মোট ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯। আর এক সংখ্যালঘু এবং মতুয়া প্রভাবিত জেলা উত্তর ২৪ পরগনায় বিচারাধীন ভোটারদের মধ্যে ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জনের নাম কাটা গিয়েছে। ২৮ ফেব্রুয়ারির তালিকা ধরলে ওই জেলা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৬০ হাজার ৯৬। ২৮ ফেব্রুয়ারির তালিকায় মালদহ থেকে বাদ পড়েছিল ২ লক্ষ ২০ হাজার ১৫৫ জনের নাম। বিবেচনাধীনদের তালিকা প্রকাশের পর ওই জেলা থেকে বাদ পড়লেন মোট ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০ জন। অর্থাৎ, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে অভিযোগ করে এসেছেন, সংখ্যালঘু এলাকা বাছাই করে নাম বাদ দেওয়া হচ্ছে—তাতেই সিলমোহর দিল এই তালিকা। এবং ওয়াকিবহাল মহল বলছে, গোটা পরিসংখ্যান তৃণমূলের হাতেই বিজেপি-কমিশনের বিরুদ্ধে অস্ত্র তুলে দিল। খাস কলকাতাও এই ‘চক্রান্ত’ থেকে বাদ যায়নি বলে দাবি করছে বাংলার শাসক দল। আর তাই কলকাতা উত্তর এবং দক্ষিণ মিলিয়ে প্রায় ৭ লক্ষ নাম বাদ চলে গিয়েছে।