নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মনোনয়নে বর্ণাঢ্য শোভাযাত্রা, রোড শোয়ের পাশাপাশি ব্যক্তিগত প্রয়াসেও চমক দিচ্ছেন প্রার্থীরা। দক্ষিণ ২৪ পরগানার বিজেপি প্রার্থী এলেন বিলাসবহুল ঝাঁ চকচকে অডি গাড়িতে। বেলঘরিয়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে কামারহাটির সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায় মনোনয়ন পত্র জমা দিতে যান।
দক্ষিণ ২৪ পরগনায় মঙ্গলবার ৬৩ জন প্রার্থী নমোনয়ন জমা দিয়েছেন। নজর কাড়েন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী অভিজিৎ সর্দার। বিলাসবহুল ঝাঁ চকচকে অডি গাড়ি করে এসে মনোনয়ন জমা দিলেন তিনি। সুসজ্জিত লাল রঙের গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আশপাশের মানুষ অন্তত একবার তাকিয়েছেন সেদিকে। বারুইপুরের বিজেপি তৃণমূলের মিছিল মুখোমুখি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোনারপুর দক্ষিণের প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় ও কুলতলির তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ মণ্ডলের মিছিল কাছাকাছি এলে শুরু হয় স্লোগান পালটা স্লোগানের লড়াই। এদিন আলিপুরে বজবজের তৃণমূল প্রার্থী অশোক দেব মনোনয়ন জমা দিয়েছেন।
মনোনয়ন জমা দিয়েছেন বনগাঁ মহকুমার চারটি বিধানসভার বামফ্রন্ট প্রার্থীরা। মনোনয়ন জমা দেন কংগ্রেসের চার প্রার্থী। চাকদহ কেন্দ্রে বিজেপির বঙ্কিম ঘোষ, কল্যাণী কেন্দ্রে অনুপম বিশ্বাস এবং হরিণঘাটা কেন্দ্রে অসীম সরকার মনোনয়ন জমা করেন।
মঙ্গলবার হাওড়া সদর ৮টি কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা করেন। উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। বলাগড়, চুঁচুড়া, পাণ্ডুয়া ও সপ্তগ্রামের তৃণমূলের প্রার্থীরা মনোনয়ন পেশ করেছেন। উলুবেড়িয়ায় বাম ও আইএসএফ প্রার্থী মনোনয়ন জমা দেন।
বারাকপুরের প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র জমা ঘিরে উত্তেজনা ছড়ায়। কখনও তৃণমূল বিজেপি, কখনও তৃণমূল, সিপিএমের মধ্যে স্লোগান যুদ্ধ চলে। নৈহাটির বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছিলেন। বারাকপুর লোকসভা কেন্দ্রের ছয় বিজেপি প্রার্থী অর্জুন সিং, পবন সিং, রাজেশ কুমার, সুদীপ্ত দাস, সুমিত্র চট্টোপাধ্যায়, কৌস্তভ বাগচী মনোনয়ন পত্র জমা দেন। খড়দহের তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত মনোনয়ন পত্র জমা করেন। সিপিএমের দমদম থেকে বীজপুর পর্যন্ত ১২টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীরা মনোনয়ন দিয়েছেন।
এদিন, সল্টলেকে বিধাননগর মহকুমা শাসকের অফিস চত্বরে উত্তেজনা ছড়ায়। রাজারহাট-নিউটাউনের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায় যখন মনোনয়নপত্র পেশ করে বের হচ্ছিলেন, তখন ঢুকছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী পিযূষ কানোড়িয়া। দুই প্রার্থীর সঙ্গে থাকা সমর্থকদের মধ্যে স্লোগান, পালটা স্লোগান চলে। সল্টলেকে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন বিধাননগর কেন্দ্রের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়। রাজারহাট-গোপালপুরের কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকও এদিন মনোনয়ন পত্র পেশ করেন।
বাদুড়িয়ার তৃণমূল প্রার্থী বুরহানুল মোকদ্দিন, মিনাখাঁর ঊষারানি মণ্ডল, বসিরহাট উত্তরের তৌসিফুর রহমান, হাড়োয়ার আব্দুল মাতিন, সন্দেশখালির ঝর্ণা সর্দার বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের নমিনেশন জমা দেন। মনোনয়ন জমা দিয়েছেন দেগঙ্গার আইএসএফ প্রার্থী মফিদুল হক সাহাজি। বারাসতের সিপিএম প্রার্থী হেমন্ত দাস ও বিজেপি প্রার্থী শংকর চট্টোপাধ্যায়ও। সিপিএম প্রার্থী ঋজিনন্দন বিশ্বাস লাল রংয়ের সুসজ্জিত মিছিল করে জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পেশ করেন।
সকালে দলবদ্ধভাবে মিছিল করে মনোনয়ন পত্র পেশ করেন কংগ্রেসের প্রার্থীরা। বালিগঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রোহন মিত্র এবং কসবা কেন্দ্রের প্রার্থী জিসান আহমেদ বর্ণাঢ্য মিছিল করে মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও সূত্রের খবর, জিসান আহমেদের মনোনয়নপত্র পুরোপুরি গৃহীত হয়নি। কারণ তার কাগজপত্র নিয়ে কিছু সমস্যা থাকায় আজ বুধবার ফের তিনি সেই নথি জমা করবেন। রোহন মিত্র আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে এবং জিসান ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকালে মানিকতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুগত রায় চৌধুরী (সুমন) জেসপ বিল্ডিংয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।