• আজ ৮০ কিমি বেগে কালবৈশাখী! আবহাওয়া অফিসের পূর্বাভাসে সতর্ক প্রশাসন
    বর্তমান | ০৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার বিকেলে হালকা ঝড়বৃষ্টির পর তাপমাত্রা কমে কলকাতার। আজ, বুধবার ঝড়-বৃষ্টির মাত্রা বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। এর পাশাপাশি সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বইতে পারে কালবৈশাখী। মঙ্গলবার এই পূর্বাভাসই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    সোমবার রাত ও মঙ্গলবার বিকেলে শহরে ঝড় ও বৃষ্টির পর তাপমাত্রা বেশ খানিকটা কমে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমে প্রায় ৫ ডিগ্রি হয়। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি নেমে যায়। ফলে দিনভর তীব্র অস্বস্তি হয়নি মানুষের। এদিন বহু প্রার্থী মনোনয়ন জমা করেন। তাঁদের অসহ্য গরমের মধ্যে পড়তে হয়নি। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী তিনদিন কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আছে। এর ফলে আগামী তিনদিনের জন্য সাময়িক স্বস্তি মিলতে পারে গরমের হাত থেকে। তবে সপ্তাহের শেষে গরমের তীব্রতা ফের বাড়ার সম্ভাবনা।  

    বুধবার ঝড়-বৃষ্টির মাত্রা বাড়তে পারার পূর্বাভাস রয়েছে। কলকাতা ও আশপাশের জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। কোথাও ভারী বৃষ্টিপাত ও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। কোথাও তার গতিবেগ বেড়ে হতে পারে সর্বোচ্চ ৮০ কিলোমিটার। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সর্তকতা আছে। কলকাতায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে নেমে আসে। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। এছাড়া তাপমাত্রা কমে শহরতলিতেও। মঙ্গলবার শক্তিশালী বজ্রগর্ভ মেঘ থেকে কলকাতা সহ সংলগ্ন জেলায় ঝড়-বৃষ্টি হয়। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাওড়া গ্রামীণ জেলার আমতা ১ ও ২, এবং জগৎবল্লভপুর সহ একাধিক ব্লকে। কোথাও উপড়ে পড়ে গাছ। উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটিও। বৃষ্টিতে ধান চাষেরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ঝড় ও বৃষ্টিতে বিদ্যুৎহীন হয়ে পড়ে একাধিক এলাকা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, উত্তর ভারতের উপর পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। তারই প্রভাব পড়ছে এখানে।

    এর পাশাপাশি মঙ্গলবার দুপুর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও কলকাতার সর্বত্র বজ্রগর্ভ মেঘে ছেয়ে যায়। অনেক জায়গায় কমলা ও লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার রাতে আলিপুর ও দমদমে কালবৈশাখী হয়। দুই জায়গাতে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৬৩ ও ৭৬ কিলোমিটার।
  • Link to this news (বর্তমান)