নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করায় দম্পতিকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এলাকার এক কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে। বন্দুক উঁচিয়ে রীতিমতো তাড়া করে অভিযুক্ত। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ রোডে। মহিলার অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইন ও মারধরের কেস রুজু করে অভিযুক্ত জয়দেব মালাকারকে গ্রেপ্তার করেছে টালিগঞ্জ থানা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জ রোডে রুমা দাস পরিবার নিয়ে থাকেন। অনেকদিন ধরেই তাঁর বাড়ির সামনে বেআইনিভাবে মদ বিক্রি করছে জয়দেব মালাকার নামে কুখ্যাত এক দুষ্কৃতী। বেশ কয়েকবার তাঁরা সেখানে তাকে মদ বিক্রি করতে নিষেধ করেন। কিন্তু তাতে পাত্তা দেয়নি অভিযুক্ত। রুমাদেবী পুলিশকে জানিয়েছেন, প্রতিদিন রাতে বিভিন্ন জায়গা থেকে যুবকরা এখানে এসে জড়ো হয়। মদ খাওয়াকে কেন্দ্র করে ঝামেলা চলে রোজ। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। সোমবারও জয়দেবের মদের দোকানে বাইরের লোকজন এসে নিজেদের মধ্যে ঝামেলা করছিল। রুমাদেবী ও তাঁর স্বামী গিয়ে বাইরে গিয়ে এর প্রতিবাদ করেন। তাঁরা জানান, এখানে মদ বিক্রি যাবে না। তাঁরা জয়দেবকে মদ বিক্রিতে বাধা দেন বলে অভিযোগ। এরপরই এই অভিযুক্ত কোমর থেকে রিভলভার বের করে প্রথমে ভয় দেখায় তাঁদের। তাতে দম্পতি না দমায় বন্দুকের বাঁট দিয়ে দু’জনকে মারধর করে বলে অভিযোগ। তাঁরা কোনওক্রমে তার হাত থেকে বাঁচলেও তাঁদের পিছনে আগ্নেয়াস্ত্র নিয়ে তাড়া করে ওই দুষ্কৃতী। এমনকী ভয় দেখায়, বেশি বাড়াবাড়ি করলে গুলি চালিয়ে খুন করবে দুজনকে।
এরপর দম্পতি ঘাবড়ে না গিয়ে টালিগঞ্জ থানায় এসে অভিযোগ করেন। দুজনেরই হাসপাতালে মেডিক্যাল করানো হয়। রুমাদেবীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অস্ত্র আইন ও মারধরের কেস রুজু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জয়দেবের বিরুদ্ধে বেআইনি মাদক ব্যবসা, অবৈধ আগ্নেয়াস্ত্র কারবারের অভিযোগ রয়েছে। টালিগঞ্জ রোডে সে অনেকদিন ধরেই অবৈধভাবে মদ বিক্রি করছে। সেখানে আবার আগ্নেয়াস্ত্রে ডিলও হচ্ছে। বেশ কয়েকবার ধরা পড়েছে পুলিশের হাতে। জামিনে ছাড়া পেয়েই আবার এই সব কাজ শুরু করেছে। তার হয়ে কয়েক শো ছেলে কাজ করছে। এরপর রাতেই তল্লাশি চালিয়ে টালিগঞ্জ রোড থেকেই ,জয়দেবকে গ্রেপ্তার করা হয়।
ধৃত জেরায় জানিয়েছে, সে সবসময় আগ্নেয়াস্ত্র রাখত। কেউ প্রতিবাদ করলে সে অস্ত্র দেখিয়ে ভয় দেখাত। তার সঙ্গে বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারে কার কার যোগ রয়েছে, তা জানার চেষ্টা হচ্ছে।