নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার রাতে অশোকনগরের রাজীবপুরে গুলি চলল। এক ব্যবসায়ীর সোনার হার ও লকেট ছিনতাই করে পালানোর পথে দুষ্কৃতীরা গুলি চালায় বলেই অভিযোগ। ভোটপর্বে এই ঘটনায় শোরগোল পড়েছে। ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী রাকেশ মণ্ডল রাতেই অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোকনগর থানার রাজীবপুর এলাকার বাসিন্দা রাকেশ মণ্ডলের একটি মুদিখানা দোকান রয়েছে। রোজের মতো তিনি পড়শি এক ব্যবসায়ীর সঙ্গে স্কুটারে বাড়ি ফিরছিলেন। তখন বাড়ি থেকে কিছুটা দূরে অন্ধকার জায়গায় চার দুষ্কৃতী তাদের পথ আটকায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাকেশের গলায় থাকা সোনার হার ও লকেট নিয়ে পালায় বলে অভিযোগ। তাদের পিছনে ধাওয়া করেন রাকেশ ও তার সঙ্গী। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তবে, দুষ্কৃতীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তা আটকে যায় একটি গাছে। রাকেশ বলেন, রোজই বাড়ি আসি। এদিন ঝড়বৃষ্টি হচ্ছিল, একটু তাড়াতাড়ি ফিরছিলাম। কিন্তু রাস্তার মাঝে দুষ্কৃতীরা আমার গলায় থাকা প্রায় দু’লক্ষ টাকার সোনার গয়না নিয়ে পালিয়েছে। প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল। আমি থানায় অভিযোগ করেছি। অশোকনগর থানার পুলিশ জানিয়েছে, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের ধরতে তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।