কুলতলি-মৈপীঠে পানীয় জলের সমস্যা নিয়ে চলছে চাপানউতোর
বর্তমান | ০৮ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, বারুইপুর: কুলতলি- মৈপীঠে জলের সমস্যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কেউ এই সমস্যার জন্য শাসকদলকে কাঠগড়ায় তুলছেন। কেউ বা কেন্দ্রীয় সরকারকে দায়ী করছেন। তবে সমস্যা দ্রুত মিটুক, এটাই গ্রামবাসীরা চাইছেন।
কুলতলির শানকিজাহান, গোপালগঞ্জ থেকে শুরু করে দেউলবাড়ি, কাঁটামারি এলাকায় পানীয় জলের সমস্যা তীব্রতর হয়েছে। মৈপীঠের ভুবনেশ্বরী, বিনোদপুর, গঙ্গার ঘাট, বৈকুণ্ঠপুর এলাকাতেও এই সমস্যা প্রকট। অভিযোগ, কোনো জায়গায় জলের পাইপলাইন পৌঁছয়নি। টিউবকলও ভাঙা অবস্থায় পড়ে। দেউলবাড়ির বাসিন্দা কালী ঘোষ বলেন, তৃণমূলের পঞ্চায়েতের কোনো নজরদারি নেই। গরমে রোজ পানীয় জলের কষ্ট তীব্র হচ্ছে। দোকান থেকে ড্রাম কিনে এনে খেতে হচ্ছে।
আবার মৈপীঠের বিনোদপুরের গৃহবধূ শোভা হালদার বলেন, কেন্দ্রের সরকার জলজীবনের টাকা আটকে দেওয়ায় পাইপলাইনের কাজ গ্রামে হতে পারেনি। তারই ফল ভুগতে হচ্ছে। গঙ্গার ঘাট এলাকার বাসিন্দা রহিম ঘোষ বলেন, পানীয় জল পরিষেবা যাতে ঠিক হয়, সেটা সবার দেখা উচিত। এদিকে, এই বিষয়ে কুলতলির তৃণমূল প্রার্থী গণেশচন্দ্র মণ্ডল বলেন, সমস্যা আছে জানি। কেন্দ্রের সরকার জলজীবনের টাকা আটকে দেওয়ায় কাজ হয়নি। আমরা তার মধ্যেও অনেক টিউবকল বসিয়েছি। আগামী দিনে এই সমস্যা আগে মেটাবো।
অপরদিকে, বিজেপি প্রার্থী মাধবী মহলদার বলেন, মিথ্যা প্রচারে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কেন্দ্রের সরকার কোনোও টাকা আটকে রাখেনি। তৃণমূল টাকা খেয়ে নিয়ে কাজ করেনি। এই সমস্যা আমরাই মেটাবো। সিপিএম প্রার্থী রামশংকর হালদার বলেন, তৃণমূল ও বিজেপি উভয়েই দায়ী এই সমস্যার জন্য। জল নিয়ে রাজনীতি করেছে দু’জনেই। কুলতলিতে কল থাকলেও জল নেই।-নিজস্ব চিত্র