• চাকদহের জনসভায় পুরানো নেত্রীর খোঁজ মমতার, দলকে ঐক্যের বার্তা
    বর্তমান | ০৮ এপ্রিল ২০২৬
  • অভিষেক পাল, চাকদহ: চাকদহে নির্বাচনি জনসভার মঞ্চে উঠে দলের পুরানো নেত্রীর খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত নেতাদের মধ্যে অনেককে দেখতে পেলেও রত্না ঘোষের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপর মাইক হাতে একে একে নীলিমা নাগ, চঞ্চল দেবনাথ, দীপক চক্রবর্তী ও তাপস মণ্ডলের নাম করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এঁরা আমার অনেক পুরানো সঙ্গী। এঁদের আমি চিরদিন চিনি। মঞ্চ ও মঞ্চের সামনে থাকা সকলেই আমার সম্পদ।’ রত্না প্রসঙ্গে তিনি মঞ্চে উপবিষ্টদের দিকে তাকিয়ে বলেন, ‘পুরানো সবাই আছে। শুধু রত্না নেই। ও তো আগের মিটিংয়েও ছিল।’

    স্থানীয় সূত্রে খবর, চাকদহের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী রত্না ঘোষের সঙ্গে বর্তমানে চাকদহের তৃণমূল প্রার্থী শুভঙ্কর সিংয়ের সম্পর্ক ভালো নয়। সেই দূরত্বের কারণে তিনি চাকদহের সভায় উপস্থিত হননি বলে অনেকের ধারণা। যদিও রত্নাদেবী বলেন, ‘জেলায় দিদি এলে আমন্ত্রণের প্রয়োজন হয় না। আমি আমন্ত্রণও পেয়েছি। তবে মায়ের শারীরিক সমস্যা থাকায় তাকে ডাক্তার দেখাতে গিয়ে সময় চলে গিয়েছে। এখানে অন্য কোনো বিষয় নেই।’

    প্রসঙ্গত, কল্যাণী মহকুমা এলাকার তৃণমূল কংগ্রেসের তিন প্রার্থীর সমর্থনে এদিন চাকদহ ব্লকের গোরাচাঁদতলা এলাকায়, চাকদহ-বনগাঁ রাজ্য সড়কের পাশে জনসভায় হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সভা ঘিরে সকাল থেকেই কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চাকদহ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শুভঙ্কর সিংহ (যীশু), কল্যাণী কেন্দ্র থেকে চিকিৎসক অতীন্দ্রনাথ মণ্ডল এবং হরিণঘাটা কেন্দ্র থেকে চিকিৎসক রাজীব বিশ্বাস। তিন প্রার্থীর সমর্থনে ভোটের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)