• ক্যাটারিং সার্ভিসের গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমান
    বর্তমান | ০৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমানবন্দরের অভ্যন্তরীণ গাড়ির ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হল একটি বিমান। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিট নাগাদ। কলকাতা থেকে গুয়াহাটিগামী ৬ই ৬৬৬৩ বিমানটি ৫১ নম্বর পার্কিং বে’তে দাঁড়িয়েছিল। বিমানবন্দরের অভ্যন্তরীণ একটি ক্যাটারিং সার্ভিসের গাড়ি হঠাৎই সজোরে ধাক্কা মারে ওই বিমানটিতে। ফলে তার ডান দিকের ইঞ্জিনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি মেরামত করতে কমপক্ষে তিন দিন সময় লাগবে বলে অনুমান বিমানবন্দরের ইঞ্জিনিয়ারদের। ঘটনাটি খতিয়ে দেখতে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটিয়েছে নাকি চালকবিহীন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানে ধাক্কা মেরেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষকে সম্পূর্ণভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিমান সংস্থা। ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানটি কয়েকদিন উড়তে পারবে না। তাই যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। আপাতত ওই বিমানটিকে পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণের কাজ চলছে। চালকবিহীন ওই গাড়িটি কিভাবে ধাক্কা মারল, তার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)