চাঁদকুমার বড়াল, কোচবিহার
কোচবিহার জেলায় সব মিলিয়ে ১ লক্ষ ২০ হাজার ৭২৫ জন ভোটারের নাম ডিলিট হয়েছে। তার মধ্যে ৮৭ হাজারের বেশি মানুষ নাম তোলার জন্য ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন করে ফেলেছেন। জেলাশাসকের দপ্তর থেকে শুরু করে জেলার বিভিন্ন মহকুমা শাসকের দপ্তর, আবেদন জমা দিতে লম্বা লাইন চোখে পড়ছে।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (সার) শুরু হবার আগে জেলার ভোটার ছিল ২৪ লক্ষ ৯০ হাজার ৭৮৯ জন। তার মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় মৃত, ডুপলিকেট, স্থানান্তরিত, খুঁজে পাওয়া যায়নি এমন ১ লক্ষ ১৩ হাজার ৩৭০ জনের নাম ভোটারের নাম বাদ গিয়েছিল। এরপর জেলায় ৪ লক্ষের বেশি ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নোটিস করা হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পরে দেখা যায়, ৮ হাজার ৪২৬ জনের নাম ডিলিট করা হয়েছে। ২ লক্ষ ৩৮ হাজার ১০৭জনের নাম 'বিচারধীন' তালিকায় ঠাঁই পায়। সুপ্রিম কোর্টের নির্দেশে এই তালিকায় থাকা মানুষদের বৈধতা বিচার করা শুরু করেন বিচারকরা।
একাধিক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, ১ লক্ষ ১৭ হাজার ৩৮২ জনের নাম তালিকায় সংযুক্ত হয়েছে। এর পাশাপাশি ১ লাখ ২০ হাজার ৭২৫ জনের নাম ডিলিট হয়েছে। এই ডিলিট হওয়া ভোটাররাই ৩১ মার্চ থেকে অফলাইনে নাম তুলতে আবেদন জমা করছেন। ৬ এপ্রিল পর্যন্ত ৮৭ হাজার ভোটার ট্রাইব্যুনালে আবেদন করে ফেলেছেন অফলাইনে।
নাম বাদ যাওয়া ভোটারদের মধ্যে, বাবর আলি বলেন, 'কয়েক যুগ ধরে আমরা কোচবিহার দক্ষিণ কেন্দ্রের ভোটার। ভাইবোনের সংখ্যা বেশি থাকায় প্রথমে নোটিস ধরানো হলো। এখন নামটাই বাদ হয়ে গিয়েছে। চরম হয়রানির শিকার হচ্ছি। এখন আবার ট্রাইব্যুনালে আবেদন করতে হচ্ছে।' রেজিয়া খাতুন নামে আরেক ভোটার বলেন, 'আমাদের দুই বোনের নাম বাদ হয়েছে। কী কারণে নাম বাদ হলো বুঝতে পারছি না। নাম উঠবে কি না বুঝতে পারছি না। ভয় হচ্ছে।'