কালবৈশাখীর দাপটে বিদ্যুতের খুঁটি পড়ে মৃত্যু এক মহিলার। মৃতের নাম ভারতী সাঁতরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বড়শিমুলিয়া গ্রামে। এ দিন ঝড়ের সময়ে গোরুকে বাঁচাতে গিয়েই ঘটে বিপত্তি। ঘটনাস্থলেই মারা যান ওই মহিলা।
স্থানীয় সূত্রের খবর, এ দিন বিকেলে হঠাৎ করে আকাশ কালো করে প্রবল ঝড় শুরু হয়। সেই সময়ে ভারতীর বাড়ির বাইরে একটি গোরু বাঁধা ছিল। ঝড়ের দাপট বাড়তে দেখে গোরুকে বাঁচাতে যান ভারতী। সেই সময়েই ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের একটি খুঁটি উপড়ে তাঁর উপর পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। তারা ভারতীর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই ভারতীর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত হড় বলেন, ‘এ দিন বিকেলে প্রবল ঝড় ওঠে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও শুরু হয়। তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।’