• বয়স্কদের হয়রানি কমাতে হাইরাইজ়ে বুথ হাওড়ায়, ঘোষণা প্রশাসনের
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৬
  • এই সময়, হাওড়া: বিধানসভা নির্বাচনের আগে হাওড়া জেলায় ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ ও অংশগ্রহণমূলক করতে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ৩০০-র বেশি ভোটার থাকা হাইরাইজ় আবাসনগুলিতে বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন হাওড়া জেলাশাসক দীপাপপ্রিয়া পি।

    জেলাশাসক জানান, এ বারের নির্বাচনে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে শহরের বহুতল আবাসনগুলিকে। সেই অনুযায়ী, বালি এলাকায় তিনটি হাইরাইজ় বিল্ডিংয়ে বুথ তৈরি করা হবে। এগুলি হলো, ফোরাম প্রবেশ, শান্তিনগর হাউসিং কলোনি এবং বিষ্ণুবাটিকা। একই ভাবে, মধ্য হাওড়ার বিবেক বিহার এলাকায় দু'টি বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রশাসনের দাবি, যেখানে ভোটারের সংখ্যা ৩০০-র বেশি এবং ভোটকেন্দ্রে যেতে অসুবিধা হয়, সেই সব আবাসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভোটাররা সহজেই নিজেদের আবাসন থেকেই ভোট দিতে পারেন। এর ফলে, প্রবীণ নাগরিক ও মহিলাদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে উত্তর হাওড়ায় হাইরাইজ় বাসিন্দাদের ভোটদানে অসুবিধা নিয়ে আগে অভিযোগ উঠেছিল। অনেক ক্ষেত্রেই অভিযোগ ছিল, বহুতল থেকে নীচে নেমে ভোট দিতে যেতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাসিন্দাদের। সেই প্রেক্ষিতে এ বার আলাদা করে সেখানে হাইরাইজ়ে বুথ না করা হলেও প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। এই প্রসঙ্গে উত্তর হাওড়ার বাসিন্দা, বিজেপি কর্মী আনন্দ পান্ডে বলেন, 'প্রতি বার ভোটের সময়ে সবথেকে বেশি অসুবিধে হয় উত্তর হাওড়ার বহুতলের বাসিন্দাদেরই। অথচ, এখানেই কোনও ব্যবস্থা করা হলো না। এটা খুবই হতাশাজনক। আসলে, ওই ৩০০ ভোটার থাকার শর্ত পূরণ হয়নি বলেই সম্ভবত এখানে এ বারও কোনও ব্যবস্থা নেওয়া গেল না।'

    জেলাশাসক আরও জানান, এ দিন নির্বাচনী ক্যালেন্ডারও প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি মেনেই সমস্ত প্রস্তুতি এগোচ্ছে এবং শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। গ্রামীণ এবং কমিশনারেট মিলিয়ে বর্তমানে ৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল দিচ্ছে বলে তিনি জানান।

  • Link to this news (এই সময়)