এই সময়: প্রায় দু'মাসের ব্যবধানে ফের পথদুর্ঘটনা সল্টলেকের সেক্টর ফাইভে। বাসের বেপরোয়া গতির বলি হলেন এক তথ্যপ্রযুক্তি কর্মী। মৃতার নাম কিরণ মিশ্র (২৪)। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ সেক্টর ফাইভের আরএস সফটওয়্যার মোড়ে দুর্ঘটনাটি ঘটে। বাড়ি বর্ধমানে হলেও কর্মসূত্রে কেষ্টপুরে একটি ভাড়া বাড়িতে থাকতেন ওই তরুণী। বাসের চালককে আটক করেছে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ।
এ দিন সকালে একটি অ্যাপ-বাইকে করে অফিসে আসছিলেন কিরণ। মাথায় তাঁর হেলমেট ছিল। আরএস সফটওয়্যার মোড়ের কাছে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি বাস। বাইক থেকে ছিটকে রাস্তায় আছড়ে পড়েন কিরণ। তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরে সেক্টর ফাইভের ট্র্যাফিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, অফিস টাইমে রেষারেষি করে বাস চালানো রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাসগুলির গতিবেগ এবং যেখানে–সেখানে যাত্রী নামানোর প্রবণতা নিয়ে বার বার অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে দাবি অফিসযাত্রীদের।