এই সময়, মালদা: স্ত্রী ও মাকে ভিডিয়ো কল করে শেষ দেখা দেখতে চেয়ে আত্মঘাতী হলেন যুবক! আইপিএল-এ বেটিং করে সর্বশান্ত হওয়ার জন্যই আত্মঘাতী হচ্ছেন বলে জানান তিনি। তার পরেই মোবাইলের লাইন কেটে দেন। পরে অপু পোদ্দার (২৬) নামে ওই যুবকের ঝুলন্ত দেহ মেলে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঝাঁজরা গ্রামে। সোমবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন অপু। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মৃতের পরিবার এলাকায় কিছু জুয়াড়িদের বিরুদ্ধে পুলিশে নালিশ জানিয়েছেন। অভিযোগ পেয়ে পুলিশ জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
মৃত অপু স্থায়ী কোনও কাজ করতেন না। কখনও গোডাউনে কাজ করতেন, কখনও টোটো চালাতেন। পরিবারে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে। পুলিশ মৃতের মোবাইল বাজেয়াপ্ত করেছে। ক্রিকেট বেটিংয়ে কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, কোথা থেকে কি পরিমাণ টাকা ধার নিয়েছিলেন ওই যুবক, তা জানতে মোবাইল পরীক্ষা করবে পুলিশ।
মৃতের স্ত্রী ঋতু পোদ্দার বলেন, 'সোমবার দুপুরে খাওয়াদাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন স্বামী। সন্ধ্যার সময় যখন ওকে ফোন করি, তখন সুইচড অফ বলে। এরপরে রাতে বাড়ি ফিরে না-আসায় আমরা খোঁজাখুঁজি করি। মাঝরাতে আমাকে ভিডিয়ো কল করে শাশুড়িকে দেখতে চায়। মা এবং আমি দু'জন একসঙ্গেই মোবাইলের সামনে এসে দাঁড়াই। তখন ও বলে ক্রিকেট জুয়াতে এক লক্ষ টাকা হেরে গিয়েছি। এই টাকা বিভিন্ন জায়গা থেকে চড়া সুদে নিয়েছিলাম। এত টাকা শোধ করতে পারব না। তাই চিরজীবনের জন্য বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো। তার পরে মোবাইলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।'
বাবা উজ্জ্বল পোদ্দার বলেন, 'ছেলে যে এত টাকা ধার করেছিল কিছুই জানতাম না। ক্রিকেটের জুয়ার নেশায় কী ভাবে আসক্ত হলো সেটাও জানা ছিল না। জুয়ার নেশায় ছেলে চলে গেল। আর কারও কোল যাতে ফাঁকা না হয় পুলিশের কাছে সেই অনুরোধ জানিয়েছি।' পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে বেটিং চক্র ধরতে অভিযান শুরু হয়েছে।