• 'বাহন'-এর পেটে চেপে আর ওড়া হচ্ছে না হুমায়ুনের
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে  প্রচারে দার্জিলিং থেকে দিঘা হয়ে সুন্দরবন পর্যন্ত যাতে দ্রুত চষে ফেলা সম্ভব হয় তা সুনিশ্চিত করতে একটি হেলিকপ্টার ভাড়া করা হয়েছে রাজ্যের নবীনতম রাজনৈতিক দল 'আম জনতা উন্নয়ন পার্টি'র তরফে। কিন্তু অভিযোগ উঠেছে হেলিকপ্টার ওড়ানোর জন্য  প্রয়োজনীয় 'এনওসি' না পাওয়ায়  হুমায়ুন কবীরের নতুন 'বাহন' তার ডানা মেলতে পারছে না।  সুদূর চেন্নাই থেকে কলকাতা এসে কলকাতা বিমানবন্দরের 'হ্যাঙ্গারে' দিনের পর দিন দাঁড়িয়ে রয়েছে। 

    তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় এবছরের শুরুতে নিজের নতুন রাজনৈতিক দল 'আম জনতা উন্নয়ন পার্টি' তৈরি করেছেন ভরতপুরের বিদায়ী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুনের দল এবছর এআইএমআইএম-এর সঙ্গে জোট করে ভোটে লড়ছে। 

    দু'টি রাজনৈতিক দল মিলে রাজ্যের ১৮০টির বেশি কেন্দ্রে প্রার্থীও দিয়েছে এবং তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে মনোনয়নপত্র জমাও করেছেন। নির্বাচনী প্রচারে যাতে 'আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীর এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি রাজ্যের বিভিন্ন প্রান্তে দ্রুত পৌঁছে যেতে পারেন  তা সুনিশ্চিত করতেই সম্প্রতি হুমায়ুনের রাজনৈতিক দল এবং এআইএমআইএম -এর পক্ষ থেকে একটি হেলিকপ্টার ভাড়া করা হয়েছে। 

    সূত্রের খবর, হেলিকপ্টারটি চেন্নাই-এর একটি কোম্পানির। প্রাথমিকভাবে স্থির হয়েছিল ৪ এপ্রিল থেকে শুরু করে ২৭ এপ্রিল পর্যন্ত হেলিকপ্টারটি দুই রাজনৈতিক দলের নেতৃত্ব প্রচারের কাজে ব্যবহার করবেন। 

    সেই হিসেবে হেলিকপ্টার ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেও এখনও পর্যন্ত মাত্র একদিনই  আমজনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যান হুমায়ুন কবীর সেটা ব্যবহার করতে পেরেছেন। মঙ্গলবার তিনি ওই হেলিকপ্টার ব্যবহার করে বেলডাঙা থেকে স্বল্প দূরত্বের ডোমকলে গিয়ে একটি রাজনৈতিক জনসভা করেন। কিন্তু অভিযোগ উঠেছে, হুমায়ুনের রাজনৈতিক দল হেলিকপ্টার ব্যবহার করে আরও একাধিক রাজনৈতিক জনসভায় পৌঁছনোর চেষ্টা করলেও কোথাও তাঁরা সময়মতো এনওসি পাচ্ছেন না। তার ফলে এক প্রকার বসিয়ে রেখে  হেলিকপ্টার সংস্থাকে ভাড়া গুনতে হচ্ছে। 

    মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রে আসাদউদ্দিন ওয়াইসিকে নিয়ে নির্বাচনী প্রচারে হুমায়ুন কবীর ঘোষণা করেছিলেন  মিম প্রধান এবং তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে একসঙ্গে কুড়িটি নির্বাচনী জনসভা করবেন। পাশাপাশি তাঁর দলের প্রার্থীদের সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও ৩০টি নির্বাচনী জনসভা করার কথা রয়েছে হুমায়ুনের। 

    'আম জনতা উন্নয়ন পার্টি' সূত্রে খবর, একদিনে যাতে একাধিক নির্বাচনী সভা হুমায়ুন কবীর এবং আসাদউদ্দিন ওয়াইসি করতে পারেন সেই কারণেই হেলিকপ্টারটি দলের পক্ষ থেকে ভাড়া করা হয়েছিল। কিন্তু বেশিরভাগ জায়গাতেই হুমায়ুনের রাজনৈতিক দল হেলিকপ্টারটি নামানোর জন্য প্রয়োজনীয় 'এনওসি' দিতে পারছে না বলে জানা গিয়েছে। 

    'আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন," আগামী ১০ তারিখ উত্তর দিনাজপুর এবং বীরভূম, ১১ তারিখ মালদা এবং ভগবানগোলায় একাধিক নির্বাচনী জনসভায় হেলিকপ্টার ব্যবহার করার কথা ছিল। কিন্তু হেলিকপ্টার অবতরণ করার জন্য প্রয়োজনীয় অনুমতি পেতে আমাদের প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কোথাও কোথাও 'এনওসি' দেওয়ার পরও তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।"

     সূত্রের খবর ভোট প্রচারে যে কোনও রাজনৈতিক দল হেলিকপ্টার ব্যবহার করলে তা ওড়ানোর আগে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ছাড়াও ডিজিসিএ,স্থানীয় পুলিশ এবং দমকল-সহ আরও কয়েকটি দপ্তরের অনুমতি নিতে হয়। হুমায়ুনের দলের নেতাদের অভিযোগ, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং সংশ্লিষ্ট অন্য দপ্তর থেকে হেলিকপ্টার ওড়ানোর জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলেও স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাকি অনুমতি পেতে অসুবিধা হচ্ছে। অভিযোগ উঠেছে উত্তরবঙ্গের একটি স্কুল কর্তৃপক্ষ তাদের মাঠে হুমায়ুনের হেলিকপ্টার অবতরণ করার জন্য হেলিপ্যাড তৈরির অনুমতি দিলেও শেষ মুহূর্তে তা প্রত্যাহার করে নেয়।  এর ফলে ওই এলাকায় বাতিল হয় হুমায়ুনের রাজনৈতিক সভা। 

    হুমায়ুন কবীর বলেন,"আগামী দু'দিনের মধ্যেই ফের  রাজ্যে আসছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর সঙ্গে আমার একাধিক নির্বাচনী সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে। কিন্তু হেলিকপ্টার ওড়ানোর জন্য প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় আসাদউদ্দিন ওয়াইসি সাহেবকে কলকাতায় একটা দিন সম্পূর্ণ বসে থাকতে হবে।  তার পরের দিন আমরা নির্বাচনী প্রচারে হেলিকপ্টার ব্যবহার করতে পারব বলে এখনও পর্যন্ত খবর রয়েছে।"
  • Link to this news (আজকাল)