• মনোনয়ন জমা দিয়েই ফের মমতার মুখে ‘নাম বাদ’ প্রসঙ্গ
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার আলিপুরে নিজের মনোনয়ন জমা দেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এরপর সেখান থেকে বেরিয়ে এসে ফের একবার নাম বাদ প্রসঙ্গে সরব হন। তিনি বলেন, ‘আমি এখানে ৩৬৫ দিন থাকি। এটা আমার কর্মভূমি। আমি ভবানীপুরের মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমার মনোনয়ন জমা দিয়েছি। আমি বাংলার মানুষের কাছে ২৯৪টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন করছি। আমি নিশ্চিত যে আমরাই সরকার গঠন করব।’

    তিনি আরও বলেন,‘আমি ব্যথিত কারণ অসংখ্য মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। ১.২ কোটি ভোটারের মধ্যে মাত্র ৩২ লক্ষ নাম বহাল রাখা হয়েছে। এটাও সম্ভব হয়েছে কারণ আমি সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম বলে। প্রথম দফায় ৫৮ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। সেই অধ্যায়টা এখনও শুরুই হয়নি। অবশ্যই কিছু ডুপ্লিকেট ভোটার বা যারা মৃত তাদের নাম বাদ যাবে। ২৭ লক্ষেরও বেশি ভোটার যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন, তাঁদের নাম ভোটার তালিকায় বহাল করা এখনও বাকি আছে। আমি মনে করি যে তাঁদের ভোটাধিকার দেওয়া উচিত। সুপ্রিম কোর্টও বলেছে যে যারা আন্ডার অ্যাডজুডিকেশেন রয়েছেন তাঁরা প্রকৃত ভোটার। যাদের নাম এখনও বহাল করা হয়নি তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করবেন। এই প্রক্রিয়া স্থগিত রাখার মানে কী? আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

    তিনি আরও জানান,‘মনের দুঃখ নিয়ে বলছি, এত মানুষের নাম বাদ দিয়েছে। আমি সুপ্রিম কোর্টে মামলা করায় ১ কোটি ২০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের নাম উঠেছে। বাদবাকি ৫৮ লক্ষ খোলাই হয়নি।’ রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় মোট বাদ পড়া ভোটারের সংখ্যা ইতিমধ্যে ৯০ লাখ ছাড়িয়েছে। সোমবার গভীর রাতে কমিশনের পক্ষ থেকে জেলাভিত্তিক বিবেচনাধীন ভোটারদের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রায় ২৭ লক্ষ বিবেচনাধীন ভোটার অযোগ্য বলে চিহ্নিত। অর্থাৎ অর্ধেকের বেশি বিবেচনাধীন ভোটারই যোগ্য বলে বিবেচিত হয়েছেন।

    নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় ছিল। এর মধ্যে নিবিড় পরীক্ষা-নিরীক্ষার পর ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে এবং ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে। এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর বাদ পড়েছিল  ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। তাই এবার মোট বাদ পড়া ভোটারের চূড়ান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫।

    কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, বিবেচনাধীন তালিকা থেকে নাম বাদ পড়ার নিরিখে জেলাভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে বাদ পড়া ভোটারের সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬। মালদা জেলাতেও প্রায় ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫টি নাম বাতিল হয়েছে। মূলত মৃত ভোটার, দ্বৈত ভোটাধিকার এবং স্থায়ীভাবে বসবাসের স্থান পরিবর্তন করার কারণেই এত বিপুল সংখ্যক নাম বাতিল করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

     
  • Link to this news (আজকাল)