কলকাতা বন্দরে ফিরহাদের বিরুদ্ধে বিজেপি প্রার্থী সদ্য জামিনে মুক্তি পাওয়া রাকেশ সিং
দৈনিক স্টেটসম্যান | ০৮ এপ্রিল ২০২৬
গত সোমবার কলকাতা হাইকোর্ট রাকেশ সিংকে অন্তর্বর্তী জামিন দেয়। তার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, তাঁকেই কি বন্দর এলাকায় প্রার্থী করা হবে? মঙ্গলবার রাত পর্যন্ত বিজেপি কোনও নাম ঘোষণা না করায় জল্পনা আরও বাড়ে। অবশেষে বুধবার প্রার্থীতালিকা প্রকাশ করে দল এবং বন্দর কেন্দ্রে রাকেশের নাম জানিয়ে তালিকা প্রকাশ করে। এদিকে প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন রাকেশ। বুধবার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে শুরু করেছেন গৃহসংযোগ কর্মসূচি।
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কলকাতার ট্যাংরা এলাকা থেকে রাকেশ সিংহকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কংগ্রেসের রাজ্য কার্যালয় বিধান ভবনে ভাঙচুর এবং তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বিহারে রাহুল গান্ধীর মিছিলে ‘আপত্তিকর মন্তব্যের’ প্রতিবাদে এই হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এরপর দীর্ঘদিন পলাতক ছিলেন দক্ষিণ কলকাতার এই নেতা। পরে পুলিশ যে চার জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ছিলেন রাকেশের পুত্র শিবম সিংহও। রাকেশের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল এন্টালি থানায়।
তবে সম্প্রতি আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি সামাজ মাধ্যমে প্রতিক্রিয়া দেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘সত্যের জয় হয়েছে’ এবং দাবি করেন, তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে করা একাধিক মামলায় আদালত তাঁদের পক্ষে রায় দিয়েছে। এবার নির্বাচনী ময়দানে ববির বিরুদ্ধে তাঁর লড়াই ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।