• নন্দীগ্রামের লড়াইয়ে দুই শুভেন্দু, মনোনয়ন দেওয়া পর থেকেই ফোন বন্ধ? জোর চর্চা
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৬
  • রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ বিধানসভা আসন নন্দীগ্রাম। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর। তবে নন্দীগ্রামের লড়াইয়ের এ বার আবির্ভাব নতুন শুভেন্দু অধিকারীর। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী নামে এক ব্যক্তি। যদিও মনোনয়ন পর্বের পরে তাঁকে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ। ফোনও বন্ধ। তিনি কি আত্মগোপন করেছেন? জোর চর্চা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রের অন্দরে।

    নির্বাচনী হলফনামা অনুযায়ী, বিজেপির শুভেন্দু অধিকারীর বাবার নাম শিশির কুমার অধিকারী এবং তাঁর ঠিকানা নন্দীগ্রামের নন্দনায়কবাড় গ্রামে। অন্য দিকে, নির্দল প্রার্থী শুভেন্দু অধিকারীর বাড়ি কলকাতায়। তাঁর বয়স ৪৪ বছর এবং বাবার নাম প্রয়াত দুলালচন্দ্র অধিকারী। মনোনয়ন জমা করার পর থেকে নির্দল প্রার্থী শুভেন্দু অধিকারীকে এলাকায় প্রচারে দেখা তো দূরের কথা তাঁর দেওয়া ফোন নম্বর বন্ধ রয়েছে। মঙ্গল থেকে বুধ—ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    বিষয়টি নিয়ে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি প্রলয় পাল বলেন, ‘শুভেন্দু অধিকারীকে বিপাকে ফেলতে খুঁজে খুঁজে কলকাতা থেকে শুভেন্দু অধিকারী নামের একজনকে নির্দলে প্রার্থী করিয়েছে শাসকদল তৃণমূল। যতই ডামি প্রার্থী দিক না কেন শুভেন্দু অধিকারী আমাদের নেতা বিপুল ভোটে জয়লাভ করেছেন। এটা শুধু সময়ের অপেক্ষা।’

    যদিও এই অভিযোগ মানতে চাইছে না তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম -১ ব্লকের তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়ায় প্রার্থী হওয়ার সকলের অধিকার রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই শেষ কথা। কে কোথায় নির্দলে দাঁড়ালো তা নিয়ে আমরা ভাবি না। আমাদের প্রার্থী পবিত্র কর বিপুল ভোটে জয়লাভ করবে কেউ রুখতে পারবে না। ওই প্রার্থীকে কেন দেখা যাচ্ছে না এলাকায় তা আমাদের মাথাব্যথা নয়।’

  • Link to this news (এই সময়)