বিধানসভা নির্বাচনের মুখে অস্ত্র উদ্ধার কলকাতায়। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার স্ট্র্যান্ড রোডে এক নাবালকের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করল পুলিশ। নাবালকের হাত দিয়ে ওই অস্ত্র পাচারের চেষ্টা হচ্ছিল? অস্ত্র পাচারের পিছনে কারা রয়েছে, তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই নাবালকের কাছ থেকে তিনটি দেশি বন্দুক, দু’টি ৭ এমএম পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১৮টি ৮ এমএম কার্তুজ, ২২টি ৭.৬৫ এমএম কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, স্ট্র্যান্ড রোডে রাস্তার ধারের একটি শৌচালয়ে কাছে ওই নাবালককে আটকানো হয়। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি হতেই উদ্ধার হয় অস্ত্র।
জানা গিয়েছে, ওই নাবালক বিহারের বাসিন্দা। কোথা থেকে ওই অস্ত্র এসেছে এবং কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল, সেই ব্যাপারে নাবালককে জেরা করা হচ্ছে। এ দিনই নাবালককে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার দায়িত্বে ইতিমধ্যেই কলকাতা-সহ জেলায় জেলায় নাকা তল্লাশির সংখ্যা বাড়িয়েছে পুলিশ। জেলায় জেলায় পাঠানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীকেও। বিশেষত সীমান্তবর্তী এলাকাতে বাড়তি নজরদারি দেওয়া হয়েছে। এর মাঝেই খোদ কলকাতা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় শহরের নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।