মুর্শিদাবাদের কান্দি থানার হাটপাড়ার কাছে বহরমপুর–কান্দি রাজ্য সড়কের উপরে দুর্ঘটনার কবলে ২০২৬–এর বিধানসভা নির্বাচনে বহরমপুরের কংগ্রেস প্রার্থী ও প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরীর এসকর্ট গাড়ি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কান্দির অনুকূল আশ্রম এলাকায় রোড শো করে বহরমপুরে ফেরার পথে বুধবার সন্ধ্যায় ওই বিপত্তি ঘটে। বালিবোঝই লরিটি বহরমপুরের দিকে যাওয়ার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রাক্তন সাংসদের এসকর্ট গাড়ির পিছনে ধাক্কা মারে। ফলে এসকর্ট গাড়ির পিছনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে লরির সামনের দু’টি কাঁচ ভেঙে গিয়েছে। অল্পের জন্য রক্ষা পান অধীর চৌধুরী।
লরিটিকে আটক করেছে কান্দি থানার পুলিশ। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এ নিয়ে অধীর বলেন, ‘এটি নিছকই একটি দুর্ঘটনা। গাড়িতে যে নিরাপত্তারক্ষীরা ছিলেন তাঁরা সকলেই সুস্থ রয়েছেন। বড় দুর্ঘটনা ঘটতে পারত। অল্পের জন্য রক্ষা পেয়েছি।’