নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতে গত শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। তৃণমূলের অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা তপনকুমার মহাপাত্রকে নিয়ে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মনোজ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এ দিন মনোজ বলেন, ‘এই অভিযোগ প্রমাণিত হলে আমি নিজে ইস্তফা দেব।’
গত কয়েকবছর নন্দীগ্রাম নির্বাচনের ‘হটস্পট’। সেই কেন্দ্রে নির্বাচনের পরিস্থিতি কেমন, বুথের নিরাপত্তা ব্যবস্থা কী ভাবে করা হচ্ছে— সেই সব খতিয়ে দেখতে জেলা সফরের শুরুতেই নন্দীগ্রাম যান মনোজ। এই পরিদশর্নের পরেই তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে একটি ছবি (যার সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) দেখানো হয়। যেখানে দেখা যায়, মনোজের পিছনেই দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা তপনকুমার মহাপাত্র। সেই প্রেক্ষিতেই মুখ খুললেন মনোজ।
অন্য দিকে, বুধবার প্রচারে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন পানিহাটির বিজেপি প্রার্থী আরজি করের নির্যাতিতার মা। এই বিষয়ে কমিশন জানায়, কোনও প্রার্থী হেনস্থার শিকার হলে গুরুত্ব বুঝে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারে।
সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পাশাপাশি কোনও বুথে ‘ছাপ্পা ভোট’ না হওয়ার ব্যাপারেও যথেষ্ট কড়াকড়ি করছে নির্বাচন কমিশন। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ‘ছাপ্পা ভোট’ করানো হয়। এ দিন মনোজ জানান, এই বিষয়ে নির্বাচনের আগে WBSEDCL, CESC-র সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবে। কমিশন প্রয়োজনে বেশ কিছু বুথে জেনারেটরের ব্যবস্থা করবে। তার পরেও আলো নিভিয়ে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠলেই সেই বুথে পুনরায় ভোট করানো হবে।