আজকাল ওয়েবডেস্ক: বাংলায় আসন্ন বিধানসভা ভোট। ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় হবে ভোট। জোর কদমে প্রচার শুরু করেছে শাসক তৃণমূল ও বিরোধীরা। কিন্তু বুধবারই কাটল সুর। বিজেপির সর্বভারতীয় সভাপতি আলিপুরদুয়ারে জনসভায় এসে এ কী কাণ্ড করে বসলেন! জেলার নামটাই ঠিকমতো উচ্চারণ করতে পারলেন না। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গেছে, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রীতিমতো থমকাচ্ছেন আলিপুরদুয়ারের নাম নিতে গিয়ে। যা দেখে তৃণমূল বলছে, আকাশ থেকে টুপ করে পড়লে যা হয়!
নীতিন নবীন বাংলার ভোট চাইতে এসেছেন, অথচ আলিপুরদুয়ারের নামটাই ঠিক করে জানেন না। কখনও বলছেন ‘আলিপুর’, কখনও বলছেন ‘দুয়ার’—যেন কোনও ধাঁধা সমাধান করছেন!
যে জায়গার নাম উচ্চারণ করতে ঘাম ছুটে যায়, সেই জায়গা নাকি আপনারা দখল করবেন! ব্যাপারটা সত্যিই হাস্যকর। বাংলার মানুষ কিন্তু আপনাদের এই বিনোদন বেশ ভালোই উপভোগ করছে!
এক্স হ্যান্ডলে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘এখানকার নাম কী ভাইয়া? আলিপুর না দুয়ার? এটাই বিজেপির সর্বভারতীয় সভাপতি!’ এরপরেই এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘এরা বাংলা বিরোধী বহিরাগত। যাদের বাংলার সঙ্গে কোনও যোগাযোগ নেই। বাংলার প্রতি শ্রদ্ধাও নেই। বাংলার মানুষকে নিয়েও কোনও আগ্রহ নেই। বাংলার ভৌগলিক অবস্থান নিয়েও আগ্রহ নেই। তারপরও আসছে ভোট চাইতে। এরা আচমকা আসে। মানুষকে ভুল বোঝায়। আবার উড়ে চলে যায়। তাহলে আপনার কী প্রয়োজন। এটা অবশ্য স্থানীয় বিজেপি নেতারা জানবেন। বাংলার মানুষ এই ঔদ্ধত্য আর অজ্ঞতা যথেষ্ট দেখেছে।’