আজকাল ওয়েবডেস্ক: কান্দি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনী প্রচার সেরে বহরমপুরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ল লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা তথা এবছর বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর কনভয়।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা নাগাদ কান্দি শহরে নির্বাচনী প্রচার সেরে অধীর যখন বহরমপুর-কান্দি রাজ্য সড়ক ধরে নিজের নির্বাচনী কেন্দ্রে ফিরে আসছিলেন সেই সময় জীবন্তি এলাকায় তাঁর কনভয়ে থাকা এসকর্ট গাড়িটিকে একটি লরি সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় অধীরের কোনও আঘাত না লাগলেও কনভয়ে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং তার চালক অল্প আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরই অধীরের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা লরিটিকে ধরে ফেলেন। গোটা ঘটনার খবর ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং কান্দি থানাকে জানানো হয়েছে।
যদিও কান্দি থেকে বহরমপুরে আসার সময় কীভাবে অধীরের কনভয়ে লরিটি ঢুকে পড়ল তা এখনও বিস্তারিত ভাবে জানা যায়নি। সূত্রের খবর, অধীরের কনভয় লরিটিকে ওভারটেক করে বেরিয়ে আসার পরেই গতি বাড়িয়ে লরিটি এসকর্ট গাড়িটিকে ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরিচালককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ জন্য আটক করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি বহরমপুর শহরের নির্বাচনী প্রচারে বার হয়ে একাধিকবার তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন অধীর। তিনি বহরমপুর শহরে যেখানেই নির্বাচনী প্রচার করতে যাচ্ছিলেন সেখানেই তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হচ্ছিল। দেশের লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা এতদিন পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। তাঁর সঙ্গে থাকতেন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর পাঁচ জন জওয়ান। বহরমপুর শহরে অধীরকে ঘিরে বিক্ষোভ দেখানোর পর তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে। বর্তমানে তাঁকে ১০ জন নিরাপত্তারক্ষী দেওয়া হচ্ছে। এর পাশাপাশি রাজ্য পুলিশের দু'জন সশস্ত্র কনস্টেবলও অধীরের সঙ্গে থাকছেন।