আজকাল ওয়েবডেস্ক: অবশেষে সব মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। জেল থেকে মুক্তি পেতে চলেছেন তিনি।
এটা ঘটনা, প্রায় ১৩ বছর জেলবন্দি তিনি। রয়েছেন প্রেসিডেন্সি জেলে। যা পরিস্থিতি ভোটের আগেই জেল থেকে মুক্তি পেতে চলেছেন সুদীপ্ত সেন।
জানা গিয়েছে, হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বুধবার রায় ঘোষণা করে তাঁকে রাজ্য পুলিশের হাতে থাকা দু’টি মামলায় জামিন দিয়েছে। ফলে তাঁর জেল থেকে বেরোনোর কোনও আইনি বাধা আর রইল না। তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। সম্ভবত বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেতে পারেন রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন।
শর্ত হিসেবে আদালত জানিয়েছে, মামলাকারীকে পাসপোর্ট জমা দিতে হবে। পশ্চিমবঙ্গের বাইরে যেতে হলে আদালতের অনুমতি লাগবে। বাড়ির ঠিকানা বদলালে তদন্তকারী অফিসারকে জানাতে হবে। কোনও আর্থিক কোম্পানির ব্যবসায় জড়িত থাকতে পারবেন না। এই মামলার সঙ্গে যুক্ত সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। এ ছাড়াও মোবাইল সব সময় ‘লাইভ লোকেশন’–সহ চালু রাখতে হবে। সুদীপ্তকে মাসে একবার থানায় হাজিরা দিতে হবে। বিচারপ্রক্রিয়ায় সব রকম সহযোগিতাও করতে হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালে সারদা চিটফান্ড গ্রুপের কর্তা সুদীপ্তের বিরুদ্ধে বারাসত থানায় দু’টি মামলা দায়ের হয়েছিল। তাঁর বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং বহু মানুষের আমানত আত্মসাৎ অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে দেশজুড়ে মোট ৩৮৯টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে ৩৮৭টিতে ইতিমধ্যে জামিন পেয়েছেন। এই দু’টি মামলাই শুধু জেলে আটকে ছিল। সে দুটি থেকেই তিনি মুক্তি পেলেন।
এটা ঘটনা, ২০১৩ সালে সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পরে কাশ্মীরের সোনমার্গে গা ঢাকা দিয়েছিলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত। ওই বছরই কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। অবশেষে তিনি জেল থেকে ছাড়া পেতে চলেছেন।