'নিয়োগ দুর্নীতির দোষীদের জেলে পাঠাব', বাংলায় এসে হুঁশিয়ারি নিতিন নবীনের
আজ তক | ০৯ এপ্রিল ২০২৬
বাংলায় অনুপ্রবেশকারী ইস্যুতে ফের সরব বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আলিপুরদুয়ারে একটি নির্বাচনী জনসভায় শাসক দলের বিরুদ্ধে সরব হন। বুধবার তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গের জনগণের ন্যায্য জমি কেড়ে নিয়ে অনুপ্রবেশকারীদের দিয়েছে, যার ফলে রাজ্যের জনবিন্যাস বদলে গেছে।
তাঁর হুঁশিয়ারি, বিজেপি ‘ডবল-ইঞ্জিন’ সরকার গঠন করলে জনসংখ্যার বিন্যাস সংশোধন করা হবে। রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে।
তিনি অভিযোগ করেন, তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গের পরিচয় বিকৃত করেছে। এর জনবিন্যাস বদলে দিয়েছে। বিজেপি প্রধানের অভিযোগ, তৃণমূলের তোষণমূলক রাজনীতি ও আইনশৃঙ্খলার অবনতির কারণে বাংলার বাসিন্দারা রাজ্য ছাড়তে "বাধ্য" হচ্ছেন। তৃণমূল রাজ্যের মানুষকে ঘর ছাড়তে বাধ্য করছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলায় থিতু হতে সাহায্য করার জন্য অভিযুক্ত করেছেন।
বিজেপি সভাপতি বলেন, "বাংলায় উন্নয়নের চাকা উল্টো দিকে ঘুরছে। তৃণমূল রাজ্যের পরিচয় ও জনবিন্যাস বদলে দিয়েছে।"
তিনি অভিযোগ করেন, "প্রথমে ছিল কংগ্রেস, তারপর বামেরা, আর এখন তৃণমূল। যে রাজ্যটি একসময় শিল্প থেকে সংস্কৃতি পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে দেশে নেতৃত্ব দিত, তা এখন অন্ধকারে ঢাকা।"