নির্বাচন কমিশনে মনোনয়ন পেশ করতে গিয়ে হলফনামায় বড় বড় করে লিখতে হচ্ছে সম্পত্তির পরিমাণ, দিতে হচ্ছে গাড়ি-বাড়ি-গয়না, এমনকী আয়ের উৎস বা মামলা-মোকদ্দমার বিস্তারিত বিবরণও। আর এই হিসেব-নিকেশের দাঁড়িপাল্লায়, লাল-সবুজ-গেরুয়া, কোন দলের কোন মহিলা প্রার্থীরা এগিয়ে? সম্পত্তির নিরিখে পিছিয়ে কারা?
শ্রেয়া পাণ্ডে (TMC): ২০২৪-২৫ অর্থবর্ষে ১০ লক্ষ ৩৬ হাজার ৫৩৯ টাকা আয়ের কথা উল্লেখ করেছেন শ্রেয়া। সাধন-কন্যার হাতে রয়েছে নগদ ৬ লক্ষ ৮২ হাজার ১২২ টাকা। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা রয়েছে। ৬৪ লক্ষ ৯৬ হাজার টাকার সোনার গয়না আছে মানিকতলার তৃণমূল প্রার্থীর। রয়েছে ৪ লক্ষ ৬০ হাজার টাকার রূপোর বাসনপত্র। অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ১৪ লক্ষ ৫৮ হাজার ৩১৯ টাকা। ১.৭৫ বিঘা করে দুটি জমি, ধ্যমগ্রামে সাড়ে ৫ কাঠার একটি জমি, যতীন্দ্র মোহন এভিনিউয়ের পৈতৃক বাড়ি রয়েছে। কলকাতায় মোট তিনটি ফ্ল্যাট রয়েছে শ্রেয়ার। মোট ৭ কোটি ৭৯ লক্ষ ৪ হাজার টাকার স্থাবর সম্পত্তির কথা উল্লেখ করেছেন শ্রেয়া পাণ্ডে। আয়ের উৎস হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন সাধন পাণ্ডের মেয়ে।
চন্দ্রিমা ভট্টাচার্য (TMC): হাতে নগদ রয়েছে ১ লক্ষ ২০ হাজার ২৪০ টাকা। উত্তর দমদমের প্রার্থী ব্যাঙ্কে জমা আছে ১ কোটি ১০ লক্ষ ১৬২ টাকা। রয়েছে একটি ১১ লাখি স্করপিও গাড়ি। সোনা রয়েছে ২৮ গ্রাম। মোট অস্থাবর সম্পত্তি ১ কোটি ২৪ লক্ষ ১৯ হাজার ৯৯ টাকা। কলকাতায় রয়েছে একটি আবাসিক ভবন।
অগ্নিমিত্রা পল (BJP): হাতে নগদ রয়েছে ৫১ হাজার ৫০০ টাকা। ব্যাঙ্কে জমা রয়েছে ১৫ লক্ষ ৮৫ হাজার ৫৩১ টাকা। গাড়ি নেই অগ্নিমিত্রার। গয়না রয়েছে ১ কোটি ১১ লক্ষ ৮৩ হাজার ৬১৯ টাকার। BJP প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি ৫৬ লক্ষ ৯১ হাজার ৩০১ টাকার। একটি ফ্ল্যাট রয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২৬ টাকার।