• আরও দেড়শো কোম্পানি বাহিনী আসছে বঙ্গে
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। বুধবার বিকেলে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

    জানা গিয়েছে, বাংলায় বিধানসভা নির্বাচনে আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ১৮ এপ্রিলের মধ্যে এই অতিরিক্ত ১৫০ কোম্পানি বাহিনী রাজ্যে এসে পৌঁছবে। এর মধ্যে রয়েছে সিআরপিএফের ৩২ কোম্পানি, বিএসএফের ৫৫ কোম্পানি, সিআইএসএফের ৬ এবং অসম থেকে আসবে এসএসবি’‌র আরও ২ কোম্পানি। এছাড়াও, বিভিন্ন রাজ্য থেকে মোট ৫৫ কোম্পানি ব্যাটালিয়ন মোতায়েন করা হবে বাংলার ভোট নিরাপত্তা সুনিশ্চিত করতে।

    এর আগে ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার সঙ্গে অতিরিক্ত হিসেবেই এই ১৫০ কোম্পানিকে বাংলায় পাঠানো হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করতে চাইছে কেন্দ্র। 

    এটা ঘটনা, এবার বঙ্গে দু’দফায় অর্থাৎ আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল ভোট হবে। এই দু’দফায় সংঘর্ষহীন ভোট নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে কমিশন। ভোটমুখী বাংলায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এবার আসছে আরও দেড়শো কোম্পানি। 

    এদিকে, এবার নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষককেই সরিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু কেন?‌ কমিশন সূত্রে খবর, তাঁর দায়িত্বে ক’টি বুথ আছে, সে সম্পর্কেই ওয়াকিবহাল ছিলেন না ওই পর্যবেক্ষক। এই সাধারণ বিষয়গুলি অবগত না হওয়ায় তাঁর উপর যথেষ্টই বিরক্ত হন জ্ঞানেশ। সঙ্গে সঙ্গে ওই পর্যবেক্ষককে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।

    এটা ঘটনা, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের জন্য ২৯৪ জন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন। বুধবার তাঁদের সকলের সঙ্গে বৈঠক করেন জ্ঞানেশ। সেই বৈঠকেই মুখ্য নির্বাচন কমিশনারের ভর্ৎসনার মুখে পড়েন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক অনুরাগ যাদব। প্রশ্ন তোলেন অনুরাগের ভূমিকা এবং দায়িত্বজ্ঞান নিয়েও।
  • Link to this news (আজকাল)