• ভোটের প্রচারে বেরিয়ে নিখরচায় রোগী দেখছেন কংগ্রেসের চিকি‍ৎসক-প্রার্থী
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৬
  • ভোট চাইতে গিয়ে কেউ বাড়িতে গিয়ে রান্না করে দিচ্ছেন। কেউ বা আবার দাড়ি এবং খড় কেটেও দিচ্ছেন। চপ ভাজতে বা টোটো চালাতেও দেখা গিয়েছে প্রার্থীদের। আর এ বার দেখা গেল অন্য চিত্র। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রার্থীদের প্রচারকে হার মানিয়ে একদম অন্য ভাবে প্রচার চালাচ্ছেন আব্দুল করিম। প্রচারে গিয়ে নিখরচায় চিকিৎসা করছেন তিনি।

    বীরভূম (Birbhum) জেলার নলহাটি (Nalhati) কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে আব্দুল করিমকে। পেশায় চিকিৎসক তিনি। যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানে গিয়েই বাসিন্দাদের স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করছেন তিনি। তাঁর সঙ্গে থাকছে স্টেথোস্কোপ-ও। কারোর কোনও সমস্যা দেখলেই সঙ্গে সঙ্গে শারীরিক পরীক্ষা করে দেখছেন আব্দুল করিম। কেউ যদি শরীর অসুস্থ হওয়ার কথা জানাচ্ছেন তাহলে তখন কংগ্রেস (Congress) প্রার্থী নিজের প্রচার পর্বের মধ্যেই বাড়িতে বসেই লিখে দিচ্ছেন প্রেসক্রিপশন। চিকিৎসা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে চাইছেন ভোট। আবার কখনও সেটাও চাইছেন না।

    কেন? আব্দুল জানিয়েছেন, মানুষের সেবা করাটাই তাঁর কাছে আগে।

    এলাকায় চিকিৎসক (Doctor) হিসেবে যথেষ্ট পরিচিত আব্দুল করিম। সেই বিশেষত্বকেই তিনি হাতিয়ার করেছেন ভোট প্রচারের ময়দানে। যদিও তাতে খারাপ কিছু দেখছেন না স্থানীয় ভোটার থেকে শুরু করে সাধারণ মানুষ। বরং এতে অভিনবত্বই খুঁজে পাচ্ছেন তাঁরা। বাড়িতে এসে চিকিৎসা করার কারণে সুবিধা হচ্ছে তাঁদের।

    যদিও কংগ্রেস প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়ছেন না এলাকার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং বিজেপির নেতারা। তাঁদের দাবি, ভোটের জন্যই এই সব কিছু করছেন কংগ্রেসের প্রার্থী। অন্য সময়ে তাঁকে গ্রামে গিয়ে এই রকম ভাবে বিনা পয়সায় চিকিৎসা করতে দেখা যায় না কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। ভোটের পরে আর কাউকে চিনতেই পারবেন না তিনি বলেও দাবি এলাকার বিজেপি (BJP) প্রার্থী অনিল সিং-এর। 

    তবে এই কটাক্ষকে আমল দিতে নারাজ আব্দুল করিম।

  • Link to this news (এই সময়)