• বাড়িতে গিয়েও দেখা মেলেনি, নিখোঁজ পবনের খোঁজে হন্যে পুলিশ
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৬
  • এই সময়: আজ অসমের বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেস নেতা পবন খেরার খোঁজে হন্যে হয়ে ঘুরছে অসম পুলিশ! ৫ এপ্রিল শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল কংগ্রেসের মিডিয়া বিভাগের মুখপাত্র খেরাকে। সেদিনই খেরা অভিযোগ তুলেছিলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার তিনটি পাসপোর্ট রয়েছে — একটি ভারতের, একটি সংযুক্ত আরব আমিরশাহির এবং একটি মিশরের। সেই সঙ্গে দুবাইয়ে তাঁর অঘোষিত বিপুল সম্পত্তি রয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন খেরা। এই অভিযোগকে 'ভিত্তিহীন' বলে দাবি করে খেরার বিরুদ্ধে সরব হন হিমন্ত। তাঁর স্ত্রী সোমবার খেরার বিরুদ্ধে পুলিশে এফআইআর করেন।

    সেই অভিযোগের ভিত্তিতেই কংগ্রেস নেতার খোঁজ শুরু করে পুলিশ। মঙ্গলবার পবন খেরার দিল্লির নিজ়ামউদ্দিন ইস্টের বাড়িতে গিয়েছিল অসম পুলিশের দল। বাড়িতে ছিলেন না খেরা। ঘণ্টা দু'য়েক তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে কিছু নথিপত্র এবং ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যায় পুলিশ। সূত্রের খবর, হায়দরাবাদে রয়েছেন খেরা। বুধবার খেরা এবং তাঁর স্ত্রী নীলিমার হায়দরাবাদের বাঞ্জারা হিলসের বাড়ির সামনেও ব্যারিকেড লাগিয়ে, কড়া পুলিশি প্রহরা বসানো হয়। হায়দরাবাদ পুলিশের অবশ্য দাবি— অসম পুলিশ এ ব্যাপারে তাদের সঙ্গে এখনও যোগাযোগ করেনি, করলে তারা খেরার খোঁজে সব রকম সহযোগিতা করবে। একটি সূত্রের দাবি, গ্রেপ্তারি থেকে বাঁচতে শীঘ্রই আদালতের শরণাপন্ন হতে পারেন খেরা। তবে তিনি এখন কোথায় আছেন, এটাই সবথেকে বড় প্রশ্ন।

    অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত অবশ্য মঙ্গলবারই কড়া শাসানি দিয়েছেন, 'পালিয়ে বাঁচতে পারবেন না কংগ্রেস নেতা পবন খেরা। আইন নিজের পথেই হাঁটবে। অসম পুলিশ প্রয়োজনে পাতাল থেকে অপরাধীকে খুঁজে আনবে। কয়েকদিন অপেক্ষা করুন, পবন খেরার কড়া শাস্তি হবেই।'

    এ দিকে, সভাপতি উদয় ভানু চিবের নেতৃত্বে যুব কংগ্রেসের সদস্যরা বুধবার দিল্লির যন্তর মন্তরের সামনে প্রতিবাদ দেখান। চিবের বক্তব্য, 'খেরার বিরুদ্ধে যে ভাবে অসম পুলিশকে ব্যবহার করা হচ্ছে, সেটা মোটেই হিমন্তের মুখ্যমন্ত্রী সুলভ আচরণ নয়। হিমন্তের স্ত্রীর বিরুদ্ধে খেরার তোলা অভিযোগ যদি মিথ্যেও হয়, তবে বিদেশ মন্ত্রক সেটার ব্যাখ্যা দেবে, অসমের মুখ্যমন্ত্রী এ নিয়ে পদক্ষেপ করার কে?'

  • Link to this news (এই সময়)