• অপহরণ, বিয়েতে খারিজ পকসো কেস, রায় সুপ্রিম কোর্টের
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: এ কথা অস্বীকার করার উপায় নেই যে নাবালিকাকে নিয়ে কোনও ব্যক্তি যদি পালিয়ে যান ও তার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করেন, তা পকসো আইনে অপরাধ। তবে, এ ক্ষেত্রে অভিযুক্তকে নিজের ইচ্ছায় সেই কিশোরী বিয়ে করেছে ও তাঁরা এখন সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন। তাই এই মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্থ করলে একটা পরিবারের স্থিতিশীলতা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে।

    একটি পকসো কেসের শুনানিতে সম্প্রতি সুপ্রিম কোর্ট এ কথাই বলেছে। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ বলে, ‘২০২০–তে মেয়েটির বয়স ছিল ১৭ বছর। সেই সময়ে তাকে নিয়ে পালান অভিযুক্ত। কিশোরীর বাড়ি থেকে নিখোঁজের মামলা করা হয়।’ ফলে নিম্ন আদালত অভিযোগকে মান্যতা দেয়। অভিযুক্ত ব্যক্তি উত্তরাখণ্ড হাইকোর্টে কেস নাকচের আবেদন করলে তা খারিজ হয়ে যায়। অবশেষে তিনি সুপ্রিম কোর্টে আসেন।

    বিচারপতিরা পুরো মামলা শুনে বলেন, ‘এখানে অপরাধ ঘটে থাকলেও পরবর্তীতে অভিযুক্ত ওই কিশোরীকে বিয়ে করেন। তাঁদের একটি সন্তানও রয়েছে। তাই কোনও ভাবেই এ ক্ষেত্রে শাস্তি দেওয়া যায় না।’ তাঁরা জানান, আইনের লক্ষ্যই ‘সর্বোচ্চ ন্যায়’ প্রতিষ্ঠা করা। এই মামলায় অভিযুক্ত ও তাঁর স্ত্রী অর্থাৎ সেই কিশোরী আলাদা আলাদা হলফনামায় জানিয়েছিলেন যে, তাঁরা স্বেচ্ছায় বিয়ে করেছেন। মেয়েটি এও জানায় যে, তাকে কেউ কোনও দিনই অপহরণ করেনি, সে নিজের ইচ্ছায় তাঁর প্রেমিকের (বর্তমানে বর) সঙ্গে পালিয়ে যান। ১৮ বছর হওয়ার পরে তিনি স্বেচ্ছায় বিয়ে করেন। এই হলফনামাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ও বর্তমানে ওই দম্পতি ভালো আছেন বুঝে, মামলা খারিজ করে সর্বোচ্চ কোর্ট।

  • Link to this news (এই সময়)