স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সঙ্গমের সময়ে বচসার জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করছেন তিনি বলে অভিযোগ। স্বীকারোক্তির পরে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে বলে জানিয়েছে পুলিশ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রামপুর এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম একতা সিং (৩৩)। তিনি স্কুলের শিক্ষিকা। যৌনমিলনের সময়ে তীব্র বাদানুবাদের জেরে স্বামী তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্ত্রীকে খুনের পরে অভিযুক্ত রাহুল চৌধুরী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মিরাটের পুনর্বাসন কেন্দ্রে ভর্তি তিনি। জিজ্ঞাসাবাদের সময়ে নিজের অপরাধ স্বীকার করেছেন রাহুল বলেও দাবি পুলিশের।
পুলিশ জানিয়েছে, রামপুরের (Rampur) সিভিল লাইনস থানার শিব বিহার কলোনি থেকে উদ্ধার হয় একতার দেহ। সেখানে ভাড়াবাড়িতে থাকতেন তাঁরা। সোমবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, ওই বাড়িতে দুধ দিতে গিয়ে দুধওয়ালা কোনও সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে একতার দেহ উদ্ধার করে। বিছানায় পড়েছিল তাঁর দেহ।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় তাঁদের পাঁচ বছরের ছেলেকে নিয়ে মিরাটে (Meerut) পালিয়ে গিয়েছিলেন রাহুল। সেখানে ভাইয়ের কাছে ছেলেকে রেখে একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি তিনি। খবর পেয়ে সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, রবিবার বিকালে খুন করা হয়েছিল একতাকে। জিজ্ঞাসাবাদে এই কথা স্বীকার করেছেন রাহুল। তিনি জানিয়েছেন, যৌন সঙ্গম করার সময়ে স্ত্রীর সঙ্গে বচসা হয় তাঁর। তখনই রাগের বশে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন তিনি।
পণের দাবিতে রাহুল তাঁর স্ত্রীর উপর নির্যাতন করতেন বলেও অভিযোগ। একতার বাপের বাড়ির লোকদের অভিযোগ, নিয়মিত মদ্যপান করতেন রাহুল। নেশায় আসক্ত হওয়ার পাশাপাশি স্ত্রীকে মারধরও করতেন তিনি।
পুলিশ জানিয়েছে, অভিযোগে ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত চলছে। রাহুলকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাহুলের সঙ্গে তাঁর ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। রাহুলের ভাই পলাতক। তাঁর খোঁজ চলছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।