• কালবৈশাখীর ঝাপটায় লন্ডভন্ড বঙ্গ, বৃষ্টি চলবে কতদিন? সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৬
  • পূর্বাভাস আগেই ছিল, সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু রাজ্যে। তবে বৃষ্টির স্থায়িত্ব শুক্রবার পর্যন্ত। সপ্তাহান্তে কমবে বৃষ্টির দাপট। সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার থেকে মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হবে। রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।

    বৃহস্পতিবার সকালে কলকাতার আকাশে হালকা রোদের দেখা মিলেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভোলবদল আবহাওয়ার। আকাশ কালো করে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস কম।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টির দাপট। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এ ছাড়াও, মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়িতে কালবৈশাখী সম্ভাবনা প্রবল। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার।

    আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। যার জেরে ঝড়বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি। উত্তাল থাকতে পারে সমুদ্র। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গে বজ্রপাতের সময়ে সকলকে গাছের তলায় বা ফাঁকা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)