• পয়লা বৈশাখেও বাংলা তোলপাড় হবে ঝড়বৃষ্টিতে?‌
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সামনেই পয়লা বৈশাখ। কেমন থাকবে আবহাওয়া?‌ এখন থেকেই দুশ্চিন্তা আম আদমির মনে। সোমবার থেকে ঝড়বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। যা বৃহস্পতিবারও অব্যাহত। তাও সোম থেকে বুধবার অবধি বিকেলের পর শুরু হয়েছিল ঝড়বৃষ্টি। কিন্তু বৃহস্পতিবার ভোররাত থেকেই চলছে বৃষ্টি। সকালে কলকাতা সহ জেলায় জেলায় আকাশ কালো করে হয়েই চলেছে বৃষ্টি।

    হাওয়া অফিস জানিয়েছে, সন্ধের পর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এছাড়া দিনের যে কোনও সময় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.‌৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও নদিয়া জেলায় বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলি ছাড়াও বাকি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    আইএমডি ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

    এদিকে, বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু স্থানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

    হাওয়া অফিস জানিয়েছে, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে। রবিবারের পর থেকে দক্ষিণ ও পশ্চিমের কিছু জেলায় ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের মঙ্গলবার ও বুধবার ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দু’‌দিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় এবং আগামী বুধবার মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

     
  • Link to this news (আজকাল)