৪ ডিগ্রি নামল সর্বোচ্চ তাপমাত্রা, কলকাতা-সহ জেলায় জেলায় আজ ফের বৃষ্টি হবে? জানুন
আজ তক | ০৯ এপ্রিল ২০২৬
টানা বৃষ্টিতে ভিজছে শহর। কলকাতার পাশাপাশি ব্যাপক বৃষ্টি-সহ ঝড় ও বজ্রপাত হচ্ছে জেলায় জেলাতেও। বিকেলের পরেই চালু হয়ে যাচ্ছে কালবৈশাখী। ফলে গরম বাড়তে পারছে না। যা একদিক থেকে স্বস্তিদায়ক। তবে অফিস থেকে বাড়ি ফেরার পথে নাকাল হতে হচ্ছে অফিসযাত্রীদের। আজ আবহাওয়া কী বলছে? ফের বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটা? বুঝে নেওয়া যাক।
কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস
কলকাতা শহর ও সংলগ্ন এলাকায় আজ আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। বিকেল বা সন্ধ্যার দিকে মেঘের পরিমাণ বাড়তে পারে। দিনের যে কোনও সময় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া কেমন থাকবে?
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও নদিয়া জেলায় বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলি ছাড়াও, বাকি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
হলুদ সতর্কতা জারি করে IMD-র তরফে জানানো হয়েছে, এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গে আজ আবহাওয়া কেমন থাকবে?
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেও আশঙ্কা করেছে IMD।