লীনা-সহ ‘ঘাতক’ প্রযোজনা সংস্থার ৫ জনকে সমন, রাহুলের মৃত্যুতদন্তে কলকাতা আসছে ওড়িশা পুলিশ!
প্রতিদিন | ০৯ এপ্রিল ২০২৬
গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল? অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায়ই বা কে নেবে? চোরাবালির সমুদ্র সৈকতে শুটিং করার অনুমতি কি আদৌ ছিল? কেনই বা রাহুলের মৃত্যুতে গোড়া থেকে ইউনিটের সদস্যদের বয়ানে এত অসঙ্গতি? গত দশ দিনে এহেন অজস্র প্রশ্ন জনমানসে ঘুরপাক খেলেও ‘চুপ’ প্রযোজনা সংস্থা। দিন দুয়েকের মাথায় বিবৃতি জারি করলেও রাহুলের মৃত্যুর নেপথ্যের কারণ নিয়ে ধোঁয়াশা এখনও জারি। ইতিমধ্যেই ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর বিরুদ্ধে একজোটে ‘খড়্গহস্ত’ হয়েছে টলিউড। এবার খবর, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে ওড়িশা পুলিশের একটি দল কলকাতা রওনা দিতে পারে।
রাহুল অরুণোদয়ের মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলে গত ৫ এপ্রিল ওড়িশার তালসারির মেরিন থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সেই অভিযোগের ভিত্তিতেই এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ওড়িশা পুলিশ। ইতিমধ্যেই অভিযোগপত্রে নাম থাকা ৫ জনকে সমন পাঠিয়েছে তালসারি মেরিন থানার পুলিশ। সমন পাওয়ার পরও অভিযুক্তরা থানায় হাজির না দিলে তদন্তের স্বার্থে ওড়িশা পুলিশ কলকাতা রওনা দিতে পারে, বলে জানা গিয়েছে। যার প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে বলে সূত্রের খবর। তালসারি মেরিন থানার আইআইসি শ্রবণ মহারানা বলেন, “৫ অভিযুক্তকে সমন পাঠিয়ে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। নির্ধারিত সময়ের মধ্যে হাজির হতে বলা হয়েছে।”
গত ৫ এপ্রিল কলকাতার রিজেন্ট পার্ক থানার পর রাহুল অরুণোদয়ের মৃত্যুতে ওড়িশায় দ্বিতীয় দফায় এফআইআর দায়ের হয়। সেই রাতে প্রিয়াঙ্কার সঙ্গে তালসারিতে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, সৌরভ দাস ও ইন্দ্রাশিস রায়। ভারতীয় ন্যায়সংহিতায় তিনটি ধারায় অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা। সেই অভিযোগের ভিত্তিতে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়-সহ পরিচালক শুভাশিস মণ্ডল, এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৬ (১), ২৪০ ও ৩ (৫) ধারায় মামলা রুজু করে ওড়িশা পুলিশ। অনিচ্ছাকৃত খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অপরাধ সংগঠিত হয়েছে জেনেও ইচ্ছাকৃত মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয় ম্যাজিক মোমেন্টস-এর বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য সম্প্রতি পাঁচ অভিযুক্তকে সমন পাঠানো হয়। তবে সেখানে হাজিরা না দিতে গেলে কলকাতায় তাঁদের কাছে পৌঁছবে ওড়িশা পুলিশ।