নয়াদিল্লি: পাঁচ রাজ্যের ভোটের মধ্যেই মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে উদ্যোগী মোদি সরকার। সেই উপলক্ষ্যে আগামী ১৬ এপ্রিল বসবে সংসদের বিশেষ অধিবেশন। এহেন গুরুত্বপূর্ণ পদক্ষেপকে সমর্থনের জন্য এবার দলমত নির্বিশেষে প্রত্যেক সাংসদের কাছে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এক নিবন্ধে তিনি জানিয়েছেন, ‘১৬ এপ্রিল সংসদে মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত উদ্যোগকে কার্যকর করতে একটি গুরুত্বপূর্ণ বিল আলোচনা করা হবে এবং সেটি পাশ করা হবে। ২০২৯ সালের লোকসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের সময়ে মহিলাদের সংরক্ষণের বিষয়টি কার্যকর হবে। এই আবহে আমি দলমত নির্বিশেষে প্রত্যেক সাংসদের কাছে আবেদন করছি, আপনারা ভারতের মহিলাদের জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটিকে সমর্থন করতে একজোট হন।’ মহিলাদের উন্নতি হলেই সমাজের উন্নতি হবে—সেকথাও উল্লেখ করে তাঁর আরও সংযোজন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানে মহিলাদের যথাযথ ভূমিকা নিশ্চিত করতে পূর্ববর্তী সরকারগুলি নানা উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু কোনো কিছুই বাস্তবায়িত হয়নি। ২০২৩ সালের সেপ্টেম্বরে সংসদে নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ করা হয়। আমি এই ঘটনাটিকে আমার জীবনে এক গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করি।’