• আজ ভোটগ্রহণ কেরল, অসম ও পুদুচেরিতে
    বর্তমান | ০৯ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: অসম, কেরল ও পুদুচেরির ক্ষমতার রাশ কার হাতে থাকবে? আজ বৃহস্পতিবার এই দুই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ। মোট ২৯৬ বিধানসভা আসনের (কেরল ১৪০, অসম ১২৬, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি ৩০) ভোটগ্রহণ ঘিরে জমজমাট প্রচারপর্ব শেষ হয়েছে মঙ্গলবারই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে বুধবারই পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। 

    এতদিন কেরল বিধানসভার মূল লড়াই ছিল বামেদের এলডিএফ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের মধ্যে। এবার বিজেপিও সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে। বরাবরই প্রতি ভোটে শাসকদল বদলেছে কেরলের জনতা। তবে সেই ট্রেন্ড ভেঙে ২০২১ সালে পরপর দু’বার ক্ষমতায় আসে বামেরা। এবার জয়ের হ্যাটট্রিকের হাতছানি তাঁদের সামনে। অন্যদিকে ১০ বছর পর ক্ষমতায় ফিরতে মরিয়া হাত শিবিরও। এরাজ্যে ভোটের অন্যতম ইস্যু সবরীমালা মন্দিরের সোনাচুরি। পাশাপাশি রয়েছে দুর্নীতি-অপশাসনও। রাজ্যের ১৪০ বিধানসভা আসনে মোট প্রার্থী ৮৯০ জন। ভোটার সংখ্যা ২ কোটি ৭১ লক্ষ।

    অন্যদিকে, একদা কংগ্রেসের দূর্গ অসমে অস্তিত্ব রক্ষার লড়াই হাত শিবিরের। ২০১৬ ও ২০২১ সালে পরপর দু’বার এই রাজ্যে সরকার গড়েছে বিজেপি। এবার টানা তৃতীয়বার ক্ষমতা দখলের সুযোগ তাদের সামনে। উত্তর-পূর্বের এই রাজ্যের ভোটে বিজেপির অন্যতম ইস্যু ‘অনুপ্রবেশ’। অন্যদিকে অপশাসন, বেকারত্ব ও মূল্যবৃদ্ধির মতো মানুষের সমস্যাকে হাতিয়ার করেছে বিরোধীরা। অসমে ২২টি আসনে লড়াই করছে তৃণমূল কংগ্রেসও। লড়াইয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ও হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও ।

    কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও কুর্সি ধরে রাখার লড়াইয়ে নামছে গেরুয়া শিবির। এখানে বিজেপির জোট সঙ্গী এনআর কংগ্রেস। অন্যদিকে ডিএমকের সঙ্গে জোট বেঁধে লড়ছে কংগ্রেস। লড়াইয়ের রয়েছে সুপারস্টার থালাপতি বিজয়ের দলও। ৩৩ আসনের পুদুচেরির বিধানসভায় ভোটগ্রহণ হবে ৩০ আসনে। বাকি তিনজন কেন্দ্র কর্তৃক মনোনীত। 
  • Link to this news (বর্তমান)