নিজস্ব প্রতিনিধি, আরামবাগ, বলাগড় ও শ্রীরামপুর: ‘বিচারাধীন’ ভোটারদের নাম বাদ গেলে আবেদন করা যাবে অ্যাপিলেট ট্রাইবুনালে। সুপ্রিম কোর্ট এমনটাই জানিয়েছে। সেই মতো ট্রাইবুনাল গঠিত হয়েছে। কিন্তু, সেখানে বিচার শেষে কতজন এবার ভোট দিতে পারবেন, তা পুরোপুরি অনিশ্চিত। এই অবস্থায় হুগলি জেলার তিনটি প্রচারসভা থেকে মানুষের ভোটাধিকার হরণ নিয়ে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, ‘মানুষ যদি ভোটই না দিতে পারে, ট্রাইবুনালের দরকার কী?’
শ্রীরামপুরের জনসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, ‘কেন প্রথম দফার ভোটার তালিকা ফ্রোজেন বলা হচ্ছে? ট্রাইবুনালের শুনানিতে যোগ্য প্রমাণিত হলেও কেন এবারের নির্বাচনে ভোট দেওয়া সম্ভব হবে না?’ কল্যাণ জানান, ট্রাইবুনালের পরিকাঠামো তৈরির দায়িত্ব কমিশনের। সুপ্রিম কোর্ট একাধিকবার বলা সত্ত্বেও মঙ্গলবার রাত পর্যন্ত কমিশন তা করেনি। একথা জানার পর মমতার প্রশ্ন, ‘ওরা পরিকাঠামো তৈরি করতে পারেনি বলে মানুষ কেন নিজের অধিকার হারাবে? তাহলে ট্রাইবুনালে বিষয়গুলি সমাধান না হওয়া পর্যন্ত কী করে বলে যে প্রথম দফার ভোটার তালিকা ফ্রোজেন হয়ে গেল?’ কল্যাণবাবু তাঁকে বলেন, ‘নিয়ম অনুযায়ী মনোনয়নের শেষ দিনেই তালিকা ফ্রোজেন হয়ে যায়। অর্থাৎ, তারপরে আর কারও নাম তালিকায় যুক্ত হয় না। ট্রাইবুনালকে প্রয়োজনীয় পরিকাঠামো না দেওয়ার জন্য দায়ী কমিশন।’ প্রসঙ্গত, ট্রাইবুনালে যোগ্য বিবেচিত ভোটাররা এবার ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে শুনানি ১৩ এপ্রিল।