• উন্নয়ন রুখতে বিজেপির চক্রান্ত? বালিতে সরব তৃণমূল, উত্তর হাওড়ায় প্রশ্নের মুখে পদ্ম প্রার্থী
    বর্তমান | ০৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ‘ক্ষমতায় আসার আগেই সাধারণ মানুষের উন্নয়ন রুখতে চাইছে বিজেপি’— এই অভিযোগকে সামনে রেখে বালিতে পদ্ম শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। তাদের দাবি, নির্বাচন ঘোষণার অনেক আগেই শুরু হওয়া পথশ্রী প্রকল্পের অধীনে বালি, বেলুড় ও লিলুয়ায় একাধিক রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। অথচ সেই কাজ নিয়ে আদর্শ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তৃণমূলের বক্তব্য, এই বিরোধিতা আসলে উন্নয়নের পথে বাধা সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। এই অভিযোগকে আরও জোরালো করতে বালির বিজেপি প্রার্থীর পাঠানো ই-মেইলের স্ক্রিনশট সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন তৃণমূল কর্মীরা।

    তৃণমূলের অভিযোগ, বালি বিধানসভার ৬৪ নম্বর ওয়ার্ডে রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন বিজেপির চোখে ‘অপরাধ’ হয়ে উঠেছে। বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এই কাজের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল প্রচারে বলছে, বিজেপি সাধারণ মানুষের উন্নয়ন আটকে দিতে চাইছে। এদিন বালিতে বিজেপির দুই মণ্ডলের নেতৃত্ব সহ একাধিক কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র বলেন, নির্বাচন ঘোষণার আগেই টেন্ডার সহ সমস্ত সরকারি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই প্রকল্প কীভাবে নির্বাচনি বিধি ভঙ্গ করে? আসলে মানুষের উন্নয়ন বিজেপির সহ্য হচ্ছে না।’ অন্যদিকে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং পালটা অভিযোগ করে বলেন, ‘তৃণমূল প্রচারে বাধা দিচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলছে। বিজেপি কর্মীদের  ভয়, হুমকি দেখিয়ে দলে টানার চেষ্টা করছে। এই কাজে পুলিশ-প্রশাসন তৃণমূলকে মদত দিচ্ছে।’ 

    এদিকে, উত্তর হাওড়ায় প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী উমেশ রাই এদিন সাধারণ মানুষের প্রশ্নের মুখে অস্বস্তিতে পড়েন। জল সংকট নিয়ে প্রচার করতে গিয়ে এক স্থানীয় মহিলা তাঁকে কর্মসংস্থান ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে কেন্দ্রের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করেন। সন্তোষজনক উত্তর দিতে না পেরে শেষ পর্যন্ত হাতজোড় করে সেখান থেকে সরে যেতে দেখা যায় তাঁকে।
  • Link to this news (বর্তমান)