নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের জনসভায় ইলেকট্রিক শর্ট সার্কিটকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার শ্রীরামপুরের স্টেডিয়াম সভার মাঝপথে মহিলাদের জন্য সংরক্ষিত এলাকায় এই ঘটনা ঘটে। তবে ওই বিভ্রাটের জেরে কোনো দুর্ঘটনা ঘটেনি। দ্রুত পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। তবে সভার মাঝপথে এমন ঘটনা ঘটায় ক্ষুব্ধ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনা জানার পরেই তিনি মহিলাদের নিরাপদ জায়গায় সরানোর নির্দেশ দেন। সেইসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, এমন ঘটনা ভালো নয়। অভিসন্ধি আছে কি না, ভাবতে হবে। শুধুমাত্র হাঁটাহাঁটি করার কারণেই শর্টসার্কিটের পরিস্থিতি কেমন করে তৈরি হয়? যদিও তিনি এ নিয়ে খুব বেশি কথা খরচ করেননি। দ্রুত তিনি দর্শকদের অনুমতি নিয়ে ফের বক্তব্য শুরু করেন। শ্রীরামপুর শহরের সভাপতি তথা সভার অন্যতম উদ্যোক্তা সন্তোষ সিং (পাপ্পু) বলেন, সভায় আসা কেউই ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হননি। তবে ঘটনার কার্যকারণ খতিয়ে দেখা হচ্ছে।