মিছিল করে মনোনয়ন ব্রাত্যর, একশো গাড়ির কনভয় আরাবুলের
বর্তমান | ০৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: দ্বিতীয় দফার ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। সে কথা মাথায় রেখে বুধবার বহু প্রার্থী মনোনয়ন জমা দিলেন। প্রবল উৎসাহ ও উদ্দীপনা ছিল মনোনয়ন ঘিরে।
সকালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। দুপুরে সান রুফ খোলা গাড়িতে চেপে দলীয় পতাকা উড়িয়ে মনোনয়ন পত্র জমা করতে যান বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠন হয়ে কাজ করছে। তৃণমূল সাংসদদের অসম্মান করেছেন নির্বাচন কমিশনার। ৯১ লক্ষ নাম কেটে দিয়েছে। তবুও তৃণমূলকে হারাতে পারবে না। মনোনয়ন পত্র জমা দেন ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা, বারাকপুরের রাজ চক্রবর্তী। বারাকপুরের কংগ্রেস প্রার্থী শম্ভু দাস, নোয়াপাড়ার অশোক ভট্টাচার্য, দমদমের সুস্মিতা বিশ্বাস, বীজপুরের সুব্রত গুহ রায় মনোনয়ন দেন।
মনোনয়ন দিতে এসে শক্তি প্রদর্শন করলেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। শ’খানেক গাড়ির কনভয় নিয়ে ক্যানিং মহকুমা শাসকের অফিসে আসেন। ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সর্দার গাড়িতে চেপে মনোনয়ন জমা দিতে আসেন। মহিলা ঢাকি সহ কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকের মিছিলে বারুইপুর অবরুদ্ধ হয়ে যায়। জয়নগরের কংগ্রেস প্রার্থী তাপস বৈদ্য মনোনয়ন জমা দেন। বারুইপুরের সোনারতরী থেকে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মহকুমা শাসকের অফিসে আসেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র।
মনোনয়ন জমা দিয়েছেন বনগাঁ মহকুমার তিন তৃণমূল প্রার্থী। বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর মিছিল করে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে আসেন। বনগাঁ দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য এবং গাইঘাটার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন।