• ১২০০ কোটির প্রকল্পে ভর করেই সাঁকরাইলে তৃণমূলের জোর প্রচার
    বর্তমান | ০৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ১২০০ কোটি টাকার মেগা জল প্রকল্পকে সামনে রেখে সাঁকরাইল বিধানসভায় জোরদার প্রচারে নেমেছে তৃণমূল। দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভোগা বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় এই প্রকল্প চালু হলে মিলবে পরিস্রুত জল— এমনটাই দাবি শাসকদলের। উন্নয়নের এই বড়ো প্রকল্পকে এবার ভোটের ময়দানে প্রধান হাতিয়ার করেছে ঘাসফুল শিবির।

    সাঁকরাইলে হাওয়াপোতা ভারত কো-অপারেটিভ সোসাইটির ভিতরে গড়ে উঠছে এই জলপ্রকল্প। মানিকপুর জেটির কাছে গঙ্গা থেকে ইনটেক জেটির মাধ্যমে জল তুলে তা সরাসরি নিয়ে যাওয়া হবে হাওয়াপোতার ট্রিটমেন্ট প্লান্টে। প্রকল্পের পরিকাঠামোর কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে বলে দাবি। পাশাপাশি বাড়ি বাড়ি পাইপলাইন বসানোর কাজও প্রায় ৯০ শতাংশ শেষ। এই জলপ্রকল্প চালু হলে উপকৃত হবে নলপুর, রঘুদেববাটি, সারেঙ্গা, মানিকপুর, কান্দুয়া, কোরোলা- ১ ও ২ পঞ্চায়েত। পাশাপাশি ডোমজুড় ব্লকের দু’টি পঞ্চায়েত সহ পাঁচলা ও উলুবেড়িয়া-২ ব্লকের বিভিন্ন গ্রামও এই প্রকল্পের আওতায় আসবে।

    তৃণমূলের দাবি, ভোট পর্ব শেষ হওয়ার ছ’মাসের মধ্যেই এই প্রকল্প হয়ে যাবে। চার বছর আগে সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল এই প্রকল্পের উদ্যোগ নেন। এবার প্রচারে সেই কাজকে সামনে রেখেই ভোটারদের দুয়ারে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তৃণমূলের সাঁকরাইল ব্লকের সভাপতি অমৃত বোস বলেন, ‘বিধায়কের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ফলে এলাকার বাসিন্দারা বাড়ি বাড়ি পর্যাপ্ত পানীয় জল পাবেন। দীর্ঘদিনের সমস্যারও সমাধান হবে।’

    অন্যদিকে, এই ইস্যুতে শাসকদলকে কোণঠাসা করতে চাইছে বিজেপি। দলের প্রার্থী বর্ণালী ঢালি অভিযোগ করেছেন, কেন্দ্রের টাকা সঠিকভাবে কাজে লাগানো হয়নি বলে এতদিনেও বহু এলাকায় পানীয় জল পৌঁছায়নি। তাঁর কথায়, ‘মানুষকে বঞ্চিত করে উন্নয়নের নামে শুধুই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’ ফলে জলপ্রকল্প ঘিরে সাঁকরাইলে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হলেও তৃণমূলের সমাধান সূত্রেই গ্রামীণ ভোটাররা আস্থা রাখবেন বলে দাবি ঘাসফুল শিবিরের।
  • Link to this news (বর্তমান)