নিজস্ব প্রতিনিধি, বারাসত ও বারাকপুর ও বিধাননগর: ভোট প্রচারে আজ উত্তর ২৪ পরগনায় চারটি জায়গায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সভা করবেন মিনাখাঁ, নোয়াপাড়া, পানিহাটি ও বিধাননগরে। মেগা রোড শো করবেন বরানগরে।
হাড়োয়ার সার্কাস মাঠে সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জোরকদমে প্রস্তুতি চলছে, তবে দলের গোষ্ঠীদ্বন্দ্ব উঠে আসছে আলোচনার কেন্দ্রে। ফলে এই জনসভা শুধু নির্বাচনি প্রচার নয়, সংগঠনের ভিত সামাল দেওয়ার মঞ্চ হয়ে উঠছে বলে মত রাজনৈতিক মহলের।মিনাখাঁ ও হাড়োয়া—দুটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচন ঘিরে অসন্তোষ দানা বেঁধেছে। মিনাখাঁয় তৃণমূলের টিকিটের দৌড়ে ছিলেন তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা। কিন্তু ফের ঊষারানি মণ্ডলকে প্রার্থী করেছে দল। এরফলে, কর্মী বা নেতৃত্বদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। অন্যদিকে, হাড়োয়ায় আব্দুল মাতিনকে প্রার্থী করার পর থেকে টিকিটের দৌড়ে থাকা একাধিক নেতা কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। প্রকাশ্যে বিক্ষোভ না থাকলেও, সংগঠনের কাজে অনীহা স্পষ্ট। নির্বাচনের আগে এই পরিস্থিতি যে দলের পক্ষে অস্বস্তিকর, তা মানছেন জেলা নেতৃত্বের একাংশও। অতীতে একাধিকবার দলীয় কোন্দল মেটাতে সরাসরি হস্তক্ষেপ করেছেন দলের সর্বময় নেত্রী। কখনও কড়া বার্তায় শৃঙ্খলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কখনও ঐক্যের ডাক দিয়ে সংগঠনকে চাঙা করেছেন। তাই এবারও তাঁর বক্তব্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরাসরি বার্তা থাকবে, তা নিয়ে জল্পনা বাড়ছে। শুধু কর্মী নন, স্থানীয় নেতৃত্বও এখন তাঁর দিকে তাকিয়ে।
এদিনই, নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত পলতার পিএন দাস কলেজের পাশে শান্তিনগরের মাঠেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। কিন্তু বুধবারের সন্ধ্যায় বৃষ্টিতে সেখানে জল দাঁড়িয়ে যায়। চিন্তায় পড়ে যান তৃণমূলের নেতারা। নির্বাচন কমিটির চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, রোজ সন্ধ্যায় ঝড়বৃষ্টি হচ্ছে। একটু জল দাঁড়িয়েছে। জল বের করে দেওয়া হচ্ছে। সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। একই অবস্থা পানিহাটির উশুমপুর বটতলা মাঠেও। সেখানেও জোর তৎপরতা চলছে। পলতার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে তাকিয়ে নোয়াপাড়াবাসী। সভা ঘিরে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে শান্তিনগরের মাঠ পর্যন্ত, আবার পলতা স্টেশন থেকে শান্তিনগরের মাঠ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ছেয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের পতাকায় মুড়ে দেওয়া হয়েছে গোটা বারাকপুর এবং নোয়াপাড়া। বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বাগুইআটির ৪৪ নম্বর বাসস্ট্যান্ডে সভা করবেন মুখ্যমন্ত্রী। এলাকাটি রাজারহাট গোপালপুর বিধানসভার অধীনে। গত লোকসভা নির্বাচনেও মুখ্যমন্ত্রী এখানেই সভা করেছিলেন। বরানগরেও দলীয় প্রার্থীর সমর্থনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা রোড শো রয়েছে।