বৃষ্টিতে ভিজে নৌকায় কাকদ্বীপ, ভোর থেকে নাম তোলার লাইন
বর্তমান | ০৯ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, কাকদ্বীপ : সকাল থেকেই কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরের সামনে লম্বা লাইন। লাইনে দাঁড়ানো ব্যক্তিদের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। তাই বুধবার দুর্যোগ উপেক্ষা করে মহকুমা শাসকের দপ্তরের সামনে ভিড় জমান। বেশিরভাগ ভোটারই এসেছিলেন নামখানার মৌসুনি দ্বীপ থেকে।
তাঁরা ভোর পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরন। তখন মৌসুনি দ্বীপে প্রবল বৃষ্টি হচ্ছিল। তা সত্ত্বেও নিজের ভোটাধিকার রক্ষা করতে কাকদ্বীপে আসেন। তাঁদের প্রত্যেকেই উদ্বিগ্ন। চোখে মুখে একরাশ প্রশ্ন। ২০২৬ সালের নির্বাচনে ভোট দিতে পারবেন তো? লাইনে দাঁড়িয়ে প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন। তাঁদের বক্তব্য, ‘এর আগে বহুবার ভোট দিয়েছি। কিন্তু কোনোদিন এরকম পরিস্থিতি তৈরি হয়নি। এই নির্বাচনে প্রথমবার এরকম হয়রানির শিকার হতে হচ্ছে।’ তাপসী মণ্ডল নামে এক মহিলা বলেন, ‘ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি। বৃষ্টিতে ভিজে নদী পেরিয়ে আসতে হয়েছে। এখানে এসে দেখছি প্রচুর মানুষ লাইন দিয়েছেন। ভোট দিতে পারব কি না তা নিয়েও খুব দুশ্চিন্তায় আছি। সব নথি থাকা সত্ত্বেও নাম কেটে বাদ দিয়ে দিয়েছে। চারবার হিয়ারিংয়ে ডেকেছিল। তখনও সব নথি জমা করেছিলাম। কিন্তু তাও নাম কেটে বাদ দিয়েছে।’ নিজস্ব চিত্র